বাবার পরে সুজিতের পছন্দ ছেলেকে
সর্বশেষ ২০১৮ সালে ‘মনমারজিয়ান’ সিনেমায় অভিষেককে হলে পেয়েছিল দর্শক।
বলিউডের যে পরিচালক অমিতাভ বচ্চনকে নিয়ে বানিয়েছিলেন ‘পিকু’, সেই সুজিত সরকার তার আগামী সিনেমার জন্য বেছে নিয়েছেন অভিষেক বচ্চনকে।
সিনেমার নাম বা গল্পের বিষয় না জানিয়ে পিংকভিলা জানিয়েছে, অভিষেককে নিয়ে অগাস্টে শুটিং সেটে যাচ্ছেন সুজিত।
গত পাঁচ ধরে প্রেক্ষাগৃহে অনুপস্থিত অভিনেতা অভিষেক বচ্চন। সর্বশেষ ২০১৮ সালে ‘মনমারজিয়ান’ সিনেমায় অভিষেককে হলে পেয়েছিল দর্শক।
অবশ্য তার কাজ থেমে নেই। ওটিটিতে ব্যস্ত সময় পার করছেন অমিতাভপুত্র। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ওটিটিতে অভিষেকের ‘লুডো’, ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’, ও ‘দশবি’ আসে, যার সবগুলোই প্রশংসিত হয়।
এছাড়া চলতি এবং আগামী বছরেও ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের আরও কয়েকটি সিনেমা আসছে।
‘রিফিউজি’ সিনেমা দিয়ে ফিল্মি জগতে পা রেখেছিলেন বচ্চন পরিবারের এই সন্তান। আগামী ৩০ জুন তার ক্যারিয়ারের ২৩ বছর পূর্ণ হচ্ছে।
তারকার সন্তান হওয়া যে সহজ নয়, হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক। ২০০০ সালে প্রথম ছবি ‘রিফিউজি’ মুক্তির আগে থেকেই তাকে শুনতে হয়েছে, তিনি ‘যোগ্য পিতার অযোগ্য সন্তান’, ‘বাবার নাম ভাঙিয়ে খান’, ‘চাইলেই সেরা হওয়া যায় না’ ইত্যাদি ইত্যাদি। সমালোচনার তীর্যক ভাষা বহুবার বহুভাবে ব্যবহৃত হয়েছে অভিষেক সম্পর্কে।
‘সরকার, ’কাভি আল বিদা না কাহেনা, ‘ বান্টি আউর বাবলি’, ‘গুরু’সহ আরও বহু সিনেমায় ‘সাফল্য’ অভিষেকের কাছে ধরা দিলেও, শুরু থেকে আজ অবধি বাবার সঙ্গে তার তুলনা টানা থামেনি।
তবে ছেলের সর্বশেষ জন্মদিনে বাবা অমিতাভ বচ্চন অকপটে জানিয়ে দিয়েছেন, তার পরিবারে ‘সেরা’ হলেন অভিষেক।
