Published : 04 Sep 2022, 05:23 PM
কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর এই গীতিকারকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বনানীতে নেওয়ার আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনেও (বিএফডিসি) নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারের কফিন। জোহরের পর সেখানে জানাজায় অংশ নেবেন তার দীর্ঘদিনের সহকর্মী এবং কলা-কুশলীরা।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে গাজী মাজহারুল আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’- এর মত অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
তার ছেলে সরফরাজ আনোয়ার উপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবাকে এই দেশের মানুষ ভালোবেসেছেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারও পেয়েছেন। রাষ্ট্রের প্রতি ও এই দেশের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ।"
উপল জানান, তার বাবার বার্ধক্যজনিত কিছু শারীরিক সমস্যা ছিল। কয়েকদিন এসিডিটির সমস্যাতেও ভুগছিলেন। ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছিলেন। রোববার খালি পেটে পরীক্ষা করানোর কথা ছিল, সেজন্য তিনি কিছু খাননি।
“এর মধ্যে সকালে বাথরুমে পড়ে গেলেন। আমরা তাকে ধরে এনে বসাই। তখনও আমাদের সঙ্গে কথা বলেছিলেন। বলছিলেন, 'আমাকে নিয়ে চিন্তা করো না। আমার সঙ্গে মানুষের দোয়া আছে। এত তাড়াতাড়ি মরব না।'
“কিন্তু আমরা বুঝতে পারছিলাম অবস্থা ভালো নয়। তাই দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর আইসিইউতে নেওয়া হয়। এরপর আর বাঁচাতে পারলাম না।"
আরও পড়ুন: