২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে গানে যুক্তরাষ্ট্র মাতাবে চিরকুট

মে মাসে যুক্তরাষ্ট্রের বস্টনে হবে কনসার্ট শুরু; এরপর দুমাস ধরে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে ‘দি গ্লোবাল বাংলাদেশি’ ব্যান্ড হিসেবে তারা করসার্ট করবে।

গানে গানে যুক্তরাষ্ট্র মাতাবে চিরকুট

‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএস ২০২৩’ শীর্ষক কনসার্টে দুইমাসে ট্যুরে যুক্তরাষ্ট্র যাচ্ছে ‘চিরকুট’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 04:27 PM

Updated : 11 Apr 2023, 04:27 PM

যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাচ্ছে দেশের ব্যান্ড দল ‘চিরকুট’; ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএস ২০২৩’ শিরোনামে এই গানযাত্রা চলবে দুই মাস।

ফেইসবুকে এক পোস্টে ‘চিরকুট’ জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে কনসার্টের জন্য দেশ ছাড়বে দলটি। এ সফরকে ‘তৃতীয় পূর্ণাঙ্গ আমেরিকা ট্যুর’ হিসেবে বর্ণনা করেছে তারা।

‘চিরকুট’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বস্টন থেকে তাদের কনসার্ট শুরু হবে; এরপর দুমাস ধরে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে ‘দি গ্লোবাল বাংলাদেশি’ ব্যান্ড হিসেবে তারা গান গাইবে।

ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমিসহ দলের অন্যরা এ খবর যার যার ফেইসবুক ওয়ালে শেয়ার করেছেন।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে টানা একুশ বছর ধরে চলছে ‘চিরকুটের’ পথচলা। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। নাটক ও সিনেমাতেও ব্যবহার করা হয়েছে এই ব্যান্ডের গান। নাটকে ‘চিরকুটের’ ‘জাদুর শহর’ এবং সিনেমায় ‘কানামাছি’ গানদুটি দারুণ জনপ্রিয়তা পায়।

Image

ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি

দুই দশকের পথচলা উদযাপনে চলতি মাসেই ‘চিরকুট’ প্রকাশ করে তাদের নতুন অ্যালবাম ‘পেন্ডুলাম’।

ফেইসবুকে ‘চিরকুট’ জানিয়েছে, এর আগে ২০১৫ এবং ২০১৬ সালে দুইবার যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ সফর করেছে ব্যান্ডটি। এ ছাড়া গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহটনে ম্যাডিসন স্কয়ার গার্ডেন কিংবদন্তি ব্যান্ড স্করপিয়নসের সঙ্গে কনসার্টে অংশ নেয় ‘চিরকুট’। 

মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম কুড়ায় ব্যান্ডটি।

Image

চিরকুটের প্রতিষ্ঠা বছর ২০০২

গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে ‘চিরকুট’।

তারই ধারাবাহিকতায় এই ট্যুর আয়োজন করছেন ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক।