২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ম্যাক্স রিপাবলিক কনসার্টে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমতসহ ৩ শিল্পী

পূর্বাচলের ৩০০ ফিটে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে হবে এই মিউজিক্যাল নাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 09:12 PM

Updated : 22 Sep 2026, 09:12 PM

দেশের চার ব্যান্ড ও পাকিস্তানের তিন ব্যান্ডের শিল্পীর সমন্বয়ে হতে যাচ্ছে ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের মিউজিক্যাল নাইট।

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আগামী শুক্রবার এই কনসার্টে গাইবেন ব্যান্ড তারকা নগরবাউল জেমস। এছাড়াও থাকছে ব্যান্ড নেমেসিস, শিরোনামহীন এবং লেভেল ফাইভ।

কনসার্টে আরও গান পরিবেশন করবেন পাকিস্তানের ব্যান্ড জুনুন এর শিল্পী আলী আজমত, রক্সেন ব্যান্ডের মুস্তাফা জাহিদ এবং ‘জাল দ্য ব্যান্ড’ এর গহর মমতাজ।

গ্লোবাল টেক জায়ান্ট শাওমির স্পনসরশিপে ও তাদের নতুন ‘রেডমি নোট ১৭’ সিরিজ উপলক্ষে এই কনসার্ট আয়োজিত হচ্ছে।

আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে বলেছে, শুক্রবার কনসার্টের গেইট দর্শকদের জন্য দুপুর ২টায় খুলে দেওয়া হবে। অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ থেকে দর্শকরা সরাসরি কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া শাওমির নতুন প্রমোশনাল অফারের অংশ হিসেবে ‘রেডমি নোট ১৭’ সিরিজের (রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, প্রো ৫জি ও ৪জি) যে কোনো ডিভাইস কিনলে গ্রাহকরা পাবেন এই মিউজিক্যাল নাইটের ফ্রি টিকিট।

জুনুন ব্যান্ডের হয়ে আগে দুইবার বাংলাদেশে পারফর্ম করলেও একক শিল্পী হিসেবে ঢাকায় এটিই হতে যাচ্ছে আলী আজমতের প্রথম কনসার্ট।

গত বছরের মে ও নভেম্বরে একক শিল্পী হিসেবে তার ঢাকায় গান শোনানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দুইটি কনসার্টই বাতিল হয়ে যায়। নভেম্বরের কনসার্টের জন্য ঢাকাতেও এসে পৌঁছেছিলেন তিনি। কিন্তু পরে ফিরে যেতে হয়েছে তাকে।

একই অভিজ্ঞতা হয়েছিল মুস্তাফা জাহিদের সঙ্গেও। গত বছরের এপ্রিলে ঢাকায় এসেও শেষ পর্যন্ত গান না শুনিয়ে ফিরে যেতে হয়েছিল এ শিল্পীকে।

অন্যদিকে গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় জাল ব্যান্ডের কনসার্টটি আয়োজনের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করা হয়।