Published : 14 Oct 2023, 02:11 AM
মারামারির পর বন্ধ হয়ে যাওয়া বিনোদন জগতের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) আবার শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা; একই সঙ্গে সেদিনের ঘটনায় যে মামলা হয়েছে সেটির আইনি প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বাকি খেলা শুরু হবে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিসিএল এর আয়োজক কমিটি। লিগে অংশ নেওয়া আট দলের অধিনায়কের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে জানানো হয়।
একই সঙ্গে লিগের গ্রুপ পর্বের খেলা যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে বলে অধিনায়ক ও আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) সিদ্ধান্ত নিয়েছে।
গত শুক্রবার রাতে লিগের একটি খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যের জের ধরে উত্তেজনা তৈরি হয়, যা পরে মারামারিতে গড়ায়। এ নিয়ে তারকাদের অনেকেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে তিন দিনের এ প্রতিযোগিতা শুরু হয়েছিল বৃহস্পতিবার, যা শেষ হওয়ার কথা ছিল শনিবার (৩০ সেপ্টেম্বর)। গত শুক্রবার রাতের খেলার পর মারামারির পর তা বন্ধ রাখা হয়।
সেদিন রাত ১০ টায় আয়োজিত খেলায় নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের কাছে অল্প রানে হেরে যায় আরেক নির্মাত দীপংক দীপনের দল। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর একে অপরকে নিয়ে মন্তব্যের জেরে উত্তেজনা বাড়তে থাকে। খেলোয়াড়দের কটাক্ষের সূত্র ধরে দুই দলের খেলোয়াড় ও সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়েন।
পরদিন শনিবার সংবাদ সম্মেলন করে খেলা সাময়িক স্থগিত করে আয়োজক কমিটি। একই সঙ্গে মারামারিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মামলায় কতজনকে আসামি করা হয়েছে, তা প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান।
মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আপনারা ইতিমধ্যে জেনেছেন খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের স্বার্থে আমরা কোন থানায় এবং কতজনের নামে মামলা হয়েছে তা এ মুহূর্তে প্রকাশ করতে পারছি না।"
আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা। প্রতিযোগিতায় মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশীলবরা খেলায় অংশ নিচ্ছে। প্রতি দলে নারী-পুরুষ মিলে ১৮ তারকা অংশ নিয়েছেন।
এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: