শুচিবাই, তাই চুমু নিয়ে ভাবনায় এই অভিনেত্রী
মঞ্চে এলিজাবেথ টেইলরের চরিত্র চিত্রণ করতে গিয়ে চুমু খেতে হবে টুপেনস মিডলটনকে; কিন্তু তার যে শুচিবাই!
কিংবদন্তি হলিউড তারকা এলিজাবেথ টেলরের চরিত্রে মঞ্চ মাতাতে আসছেন ইংরেজ অভিনয়শিল্পী টুপেনস মিডলটন, যা নিয়ে সরগরম ব্রিটিশ সংবাদমাধ্যম।
সম্প্রতি মিডলটন জানিয়েছেন, কীভাবে তিনি ক্যারিয়ার গড়তে লাড়াই করে চলেছেন একটি রোগের সঙ্গে, যা অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) নামে পরিচিত। বাংলায় সাধারণভাবে ‘শুচিবাই’ বলা হয়ে থাকে এই রোগকে।
সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই রোগ এবং এলিজাবেথ টেলরের চরিত্র ফুটিয়ে তুলতে তার যে সংকটময় অভিযাত্রা, তা নিয়ে কথা বলেছেন। ৩৬ বছরের এই অভিনেত্রী জানিয়েছেন, মূলত ‘উদ্বেগ’ই তার এই ওসিডি বা শুচিবাই রোগের জন্য দায়ী।
‘দ্য মোটিভ অ্যান্ড দ্য কিউ’ নামের মঞ্চ নাটকে হলিউড তারকা টেইলরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিডলটন। তার বিপরীতে কাজ করছেন আরেক ব্রিটিশ অভিনয়শিল্পী জনি ফ্লিন, যিনি মঞ্চে টেলরের স্বামী রিচার্ড বার্টনের চরিত্র চিত্রণ করবেন।
মিডলটন বিবিসিকে জানিয়েছেন, তার এই ওসিডি রোগের অন্যতম একটি উৎস হচ্ছে সহশিল্পীকে চুমু খাওয়া নিয়ে উদ্বেগ।
তিনি বলেন, “মঞ্চে অভিনয়ের সময় একটি অংশে জনিকে আমার চুমু খেতে হবে এবং আমার ভয় হচ্ছে আমি ‘এমেটোফোবিক’ হয়ে পড়ব (অর্থাৎ বমি করে ফেলার ভীতিতে আক্রান্ত হওয়া)। আমি উদ্বিগ্ন এই ভেবে যে জনির যদি নোরোভাইরাস (বমি উদ্রেককারী অণুজীব) থাকে?”
টুপেনস মিডলটন জানালেন, শৈশব থেকেই তিনি এই শুচিবাই রোগে ভুগছেন এবং এটা তার ক্যারিয়ারেও প্রভাব ফেলছে।
তিনি বললেন, বিশেষ করে সাম্প্রতিক এই মঞ্চ নাটকের রিহার্সাল বা অনুশীলন করতে গিয়ে শুরুতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। ব্যাখ্যা দিলেন, “প্রথম দিন যখন আপনি সবার সঙ্গে পরিচিত হন, সবাই হাত মেলায় এবং আমার মাথায় এই ভাবনা শুরু হয়ে যায় যে আমি হাত মিলিয়েছি এবং আমাকে অবশ্যই হাত ধুতে হবে।”
মিডলটন জানান, তার এই শুচিবাইয়ের কারণে তিনি সবসময় মানসিকভাবে এক ধরনের চাপের মধ্যে থাকেন। তবে আষা করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানিয়ে চলার একটা পথ করে নিতে পারবেন।
‘ব্ল্যাক মিরর’ ও ‘সেন্স৮’ এর মতো উল্লেখযোগ্য বিজ্ঞান কল্পকাহিনী সিনেমা ও টেলিভিশনের কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করে চলেছেন মিডলটন। এছাড়া ‘ডাউন অ্যাবে’ ও ‘ওয়ার অ্যান্ড পিস’ এর মতো কাজেও অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ‘আওয়ার হাউজ’ নামে সম্প্রতি একটি থ্রিলার সিরিজেও অভিনয় করেছেন।
তবে তার ক্যারিয়ারে ‘মোটিভ অ্যান্ড কিউ’ খুবই উল্লেখযোগ্য একটি মঞ্চ নাটক বলে স্বীকার করেছেন এই ব্রিটিশ অভিনেত্রী।
তিনি বলেন, এলিজাবেথ টেলরের চরিত্র ফুটিয়ে তোলা খুবই কঠিন, বিশেষ করে তিনি এমন একজন তারকা যিনি তার ব্যক্তি জীবনের নাটকীয়তা ও পেশাদার ক্যারিয়ারের নাটকীয়তার জন্য সমানভাবে আলোচিত ছিলেন। তিনি আটবার বিয়ে করেছেন এবং স্ক্যানডাল, মদ্যপান ও মাদকাসক্তি নিয়েও সমালোচিত ছিলেন।
২০১১ সালে ৭৯ বছর বয়সে মারা যান অভিনেত্রী এলিজাবেথ টেইলর।
জ্যাক থর্নের রচনা ও স্যাম মেনডেস নির্দেশনায় ‘দ্য মোটিভ অ্যান্ড দ্য কিউ’ নাটকে টেলরকে দেখা যাবে বার্টনের সঙ্গে সদ্য শুরু করা দাম্পত্য জীবনে। কাহিনীর পটভূমি ১৯৬০ এর দশকের ‘ক্লিওপেট্রা’ সিনেমার সেট, যেখানে দুজনার দেখা এবং প্রণয়ের শুরু; এরপর পরিণয়। ওই সময় তারা দুজনেই বিবাহিত ছিলেন।
মিডলটন জানালেন, এখনকার প্রজন্মের জন্য এটা অনুধাবন করা খুবই কষ্টকর যে প্রায় ৬০ বছর আগে ‘তারকাখ্যাতি’ বিষয়টি কেমন ছিল, তারা কতটা জনপ্রিয় ছিলেন। টেলর আর বার্টন অনেক অর্থেই প্রথম ‘সেলিব্রেটি দম্পতি’ ছিলেন, বিশেষ করে ব্র্যানজেলিনা, বেনিফার বা কিমিয়ের বহু বছর আগেই।
“তারা ছিলেন অনেকটা ‘আকর্ষণীয় প্রাণী’দের মতো। মানুষ সবসময় তাদের কাছে থেকে দেখতে চাইত।”
