কিরীটী হবেন বিক্রম
নীহাররঞ্জন গুপ্তের গোয়েন্দা চরিত্র ফিরছে রুপালি পর্দায়।
আবার পর্দায় ফিরছে নীহাররঞ্জন গুপ্তের গোয়েন্দা চরিত্র কিরীটী রায়। তবে এবার আর ইন্দ্রনীল সেনগুপ্ত নয়। গুঞ্জন ছড়িয়েছে, নতুন কিরীটী হয়ে দেখা দেবেন বিক্রম চট্টোপাধ্যায়।
এর আগে কিরীটী ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা গেছে। তবে গত বছর থেকে ইন্দ্রনীল ফেলুদা চরিত্রে অভিনয় করছেন বলে বিক্রমের কাছে এবার কিরীটীর প্রস্তাব গেছে বলে হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে।
কিরীটীকে নিয়ে ২০১৮ সালে বানানো হয় ‘নীলাচলে কিরীটী’। সেই সিনেমা পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ দত্ত। প্রযোজনার দায়িত্বে ছিল ক্যামেলিয়া প্রোডাকশন।
হিন্দুস্থান টাইমস বাংলা জানিয়েছে, নতুন কিরীটী হিসেবে বিক্রমকে নির্বাচন করেছেন নির্মাতারা। ইতোমধ্যেই সিনেমা প্রসঙ্গে কথা বলতে তার সঙ্গে যোগযোগ করা হয়েছে। তবে এবার পরিচালনার দায়িত্বে অনিন্দ্য বিকাশ থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
মাস কয়েক আগেই ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমায় দেখা গিয়েছিল বিক্রমকে। সেই সিনেমাটি বক্স অফিসে হিটও করেছিল। আগামীতে স্বস্তিকা মুখার্জির সঙ্গে জুটি বেঁধে একটি নতুন থ্রিলার সিনেমায় অভিনয় করবেন বিক্রম।
