২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্ট, উসকাচ্ছে রাজনৈতিক বিতর্ক

মমতা বন্দোপাধ্যায়ের সামনে এক অনুষ্ঠানে ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং; সমস্যা সেখানেই?

অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্ট, উসকাচ্ছে রাজনৈতিক বিতর্ক

অরিজিৎ সিং

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 01:27 PM

Updated : 29 Dec 2022, 01:27 PM

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সামনে একটি গান গাওয়ার কারণে অরিজিৎ সিংয়ের ইকো পার্কের কনসার্ট বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির এক নেতা।

কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কনসার্ট বাতিলের পেছনে ‘রাজনৈতিক কারণ’ থাকার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আয়োজকরা কনসার্টের জন্য জায়গা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করেননি। তাছাড়া কনসার্টের সময়টি জি২০ শীর্ষ সম্মেলনের সাথে মিলে যাওয়ায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসছে বছরের ১৮ ফেব্রুয়ারি কসনার্টে আসার কথা ছিল অরিজিতের। মাস দেড়েক আগেই জানা গেল কনসার্ট হচ্ছে না।

কিন্তু কেন?

ভারতের শাসক দল বিজেপির নেতা ইন্দ্রনীল খান টুটটে লিখেছেন, কলতায় চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সামনে অরিজিৎ বলিউড সিনেমার গান ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছিলেন।

সরকারি সংস্থা দ্য ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করোপোরেশ (এইচআইডিসিও) কনসার্ট বাতিল করেছে জানিয়ে ওই বিজেপি নেতা বলেছেন, অসহিষ্ণুতা ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে।

গত ১৫ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডের স্টেডিয়ামের ২৮তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে কিছুটা ‘সাদামাটা’ বেশেই উপস্থিত হয়েছিলেন অরিজিৎ। সবার অনুরোধে মঞ্চে আসার পর এ ধরনের উৎসব আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি ‘সাধুবাদ’ জানান

সবার অনুরোধে প্রথমে বাংলা সিনেমার জনপ্রিয় একটি গান ‘বোঝে না সে বোঝে না’র টাইটেল ট্র্যাকের দুই কলি গেয়ে শোনান অরিজিৎ। এরপর মঞ্চে বসা হলিউড তারকা শাহরুখ খনের জন্য তার এক সিনেমার “রঙ দে তু মোহে গেরুয়া” গানটি শোনান।

ওই গানটি গাওয়ার সময় শাহরুখ হাততালি দেন এই শিল্পীকে। শুধু তাই নয়, শাহরুখ তার বক্তব্যে অরিজিৎকে ধন্যবাদ জানান, সিনেমায় তার ‘কণ্ঠ’ হয়ে ওঠার জন্য।

ঘটনাটি শুধু সেশ্যাল মিডিয়াতেই ঝড় তোলেনি। রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী এবং এইচআইডিসিও এর চেয়ারম্যান মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ অস্বীকার করে বলেছেন অরিজিতের শো বাতিলে কোনো ধরনের রাজনৈতিক ‘হস্তক্ষেপ’ নেই।

তার ভাষ্য. “আয়োজকরা কনসার্টের জন্য জায়গা পেতে এইচআইডিসিও’র কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন জমা দেননি। কেবল পুলিশের সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছেন।

“অনুষ্ঠানটি নতুন বছরের শুরুর দিকে হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় ইকো পার্কে প্রচুর লোক সমাগম হয়। এছাড়া কনসার্টের সময়টি জি২০ শীর্ষ সম্মেলনের সাথেও মিলে যায়। সে কারণেই পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটি অন্য জায়গায় করতে বলেছে, কনসার্ট বাতিলের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।“

এদিকে ইকোপার্ক কর্তৃপক্ষ বলছে, এর আগে এ ধরনের বড় কনসার্টের আয়োজন করায় ভেন্যুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অরিজিতের কনসার্টের টিকেটের দাম আড়াই হাজার থেকে শুরু করে ৭৫ হাজার রুপি পর্যন্ত রাখা হয়েছিল, যা নিয়েও সমালোচনা রয়েছে।