১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিরানের ট্যুরের আয় থেকে ১০ লাখ ডলার ফিলিস্তিনকে দিচ্ছেন ম্যাকলমোর

ইসরায়েলের বিশিষ্ট সংগ্রাহক-দাতা রবার্ট ক্রাফটকেও সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানিয়েছেন ম্যাকলমোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 09:03 PM

Updated : 18 Sep 2026, 09:07 PM

ব্রিটিশ পপ তারকা এড শিরানের ‘লুপ ট্যুর’ এর উদ্বোধনী শিল্পী হিসেবে পাওয়া ১০ লাখ ডলার বেতন ফিলিস্তিনের মানুষ ও গাজায় ত্রাণসহায়তা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে দান করার ঘোষণা দিয়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর।

শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে সেখান থেকে বাদ পড়েন র‍্যাপার ম্যাকলমোর। এবার তার অর্থ সহায়তা দেওয়ার খবর জানালো দ্য গার্ডিয়ান।

গ্র্যামিজয়ী এই শিল্পী নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বিলিয়নিয়ার ও ইসরায়েলের বিশিষ্ট সংগ্রাহক-দাতা রবার্ট ক্রাফটকেও তার সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানিয়েছে।

ইনস্টাগ্রামে ম্যাকলমোর লেখেন, 'গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তারপর আমি মূল বিষয়টি ফিরিয়ে আনতে চাই। একটি বিষয়েই কথা বলা উচিত, তা হল ফিলিস্তিনিদের নিয়ে। যারা এখনও প্রাণ হারাচ্ছেন, এখনও সামরিক দখল অভিযানের মধ্যে বসবাস করছেন এবং এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।”

অর্থ দানের ঘোষণা দিয়ে ম্যাকলমোর বলেন, “এড শিরানের 'লুপ ট্যুর' থেকে প্রাপ্ত আমার উপার্জনের পুরো ১০ লাখ ডলারই আমি সরাসরি ফিলিস্তিনি জনগণের সহায়তায় নিয়োজিত ছয়টি সংস্থাকে দান করব। আমি রবার্ট ক্রাফটকে আমার এই অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

“আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, হয়ত এই একটি বিষয়ে আমরা একমত হতে পারি: ফিলিস্তিনিদের জীবন রক্ষা করার মতো মূল্যবান একটি বিষয়।”

জবাবে রবার্ট ক্রাফট এক বিবৃতিতে বলেন, তিনি ও এড শিরান এই মানবিক সংকট মোকাবিলায় আঞ্চলিক সহায়তার জন্য প্রত্যেকে ২০ লাখ (২ মিলিয়ন) ডলার করে দান করবেন।

তবে কোন কোন সংস্থা বা দাতব্য প্রতিষ্ঠান এই অর্থ পাবে, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ক্রাফটের কথায়, তিনি তার জীবনের অনেকটাই উৎসর্গ করেছের মানুষে-মানুষে সেতু রচনার কাজে।

“আমি গভীরভাবে বিশ্বাস করি, প্রতিটি জীবনই রক্ষার যোগ্য। ম্যাকলেমার আমাকে তার অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানানোর আগেই, এড আমাকে ফোন করেছিলেন এবং এই মানবিক সংকট মোকাবিলায় তার অনুদানের সমপরিমাণ ২০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিতে অনুরোধ করেছিলেন।”

ঘটনাটি ঘটেছে গত ৪ সেপ্টেম্বর। ওই দিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে পারফর্ম করেন ম্যাকলমোর। মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “এই সফরে যোগ দিতে চাওয়ার বড় একটি কারণ হল, এমন স্টেডিয়ামে দাঁড়িয়ে আমার হৃদয়ের গভীরের একটি কথা বলতে চাই, সেটি হল- ফ্রি প্যালেস্টাইন।”

এরপর তিনি ‘হিন্দস হল’ গানটি পরিবেশন করেন। গানটি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের উৎসর্গ করা হয়েছে। এতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নিন্দা জানানো হয়েছে।

ওই গান পরিবেশনের সময় বড় পর্দায় গাজার ধ্বংসযজ্ঞের ভিডিওচিত্রও দেখানো হয়।

এরপরই তাকে শিরানের সফরের শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনার জেরে বাকি সব সহশিল্পীও সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সরে দাঁড়ানো শিল্পীদের মধ্যে একজন পপ তারকা বিলি আইলিশের ভাই ফিনিয়াস। এক বিবৃতিতে তিনি বলেন, নিপীড়িত মানুষের পক্ষে কথা বললে শিল্পীদের চুপ করিয়ে দেওয়া উচিত নয়।

সরে দাঁড়িয়েছেন আইরিশ গায়ক ও গীতিকার অ্যারন রো এবং ডেনমার্কের ব্যান্ড লুকাস গ্রাহামও; এছাড়া আইরিশ ফোক ব্যান্ড বেওগাও সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।