টিকটকে ফিরল সুইফটের গান
গেল বৃহস্পতিবার থেকে সুইফটের 'ইউ বিলং উইথ মি', 'লাভার', 'কারডিগান', 'স্টাইল', 'ইজ ইট ওভার নাউ?', 'দ্য ম্যান', 'মি' ইত্যাদি গানগুলো টিকটকে পাওয়া যাচ্ছে।
লাইসেন্স সংক্রান্ত বিরোধে ঝামেলা বেঁধেছিল সোশাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম টিকটক এবং ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) মধ্যে। এর ফলে প্রায় দশ মাস মার্কিন পপ তারকা টেইলর সুইফটের গান খুঁজে পাওয়া যায়নি টিকটকে।
ভ্যারাইটি জানিয়েছে গেল বৃহস্পতিবার থেকে সুইফটের 'ইউ বিলং উইথ মি', 'লাভার', 'কারডিগান', 'স্টাইল', 'ইজ ইট ওভার নাউ?', 'দ্য ম্যান', 'মি' গানগুলো টিকটকে পাওয়া যাচ্ছে।
এখন ব্যবহারকারীরা চাইলে সুইফটের এই গানগুলো নিজেদের ভিডিওতে যুক্ত করতে পারছেন।
এদিকে আগামী ১৯ এপ্রিল সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' মুক্তি পেতে যাচ্ছে।
ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে সুইফট একটি চুক্তি করেন ২০২০ সালে। ওই চুক্তি অনুযায়ী মিউজিক গ্রুপটি টিকটকে সুইফটের গানের পরিবেশক সংস্থা হিসেবে কাজ করে আসছিল।
কিন্তু গত ফেব্রুয়ারি মাসে টিকটক থেকে শিল্পীর গানগুলো তুলে নেওয়া হয়।
কারণ টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের চুক্তি শেষ হয় গত ৩১ জানুয়ারি। এরপর চুক্তির নবায়ন করা হয়নি।
ইউনিভার্সাল মিউজিক গ্রুপ বলছে, “চুক্তি নবায়নে অর্থ একটি বড় ব্যপার। যা নিয়ে টিকটকের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।”
ধারণা করা হচ্ছে, টিকটক নতুন করে সুইফটের সাথে একটি নতুন চুক্তিতে পৌঁছেছে। কারণ মার্কিন এই শিল্পীর নিজের গান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। তাই সুইফট এই মিউজিক কোম্পানিকে এড়িয়ে নিজেই টিকটকের সঙ্গে চুক্তিতে পৌঁছুতে পেরেছেন।
সুইফট নিজের মুক্তির অপেক্ষায় থাকা অ্যালবামটির প্রোমোশনের জন্যও টিকটককে ব্যবহার করতে পারেন।
তিনি এর আগেও তার 'মিডনাইটস' অ্যালবাম মুক্তির পর টিকটককে গানের প্রোমোশনের জন্য বেছে নেন।
ওই অ্যালবামটির প্রচারে সুইফট প্রতিটি গানের জন্য আলাদা আলাদ ভিডিও টিকটকে ছেড়েছিলেন
তবে এ বিষয়ে সুইফট বা টিকটক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
