পাঠানে শার্ট খুলে নাচতে ‘বিব্রত’ ছিলেন শাহরুখ
আবার কখনও খোলা বুকে নাচবেন কি না, তা নিয়ে সংশয়ী ‘বলিউড কিং’।
বলিউডে নায়কদের নগ্ন বক্ষে নাচের সঙ্গে নাচতে অহরহ দেখা গেলেও তা করতে ‘বিব্রত’ হন শাহরুখ খান।
পাঠানে এমনভাবে নাচলেও তা যে খুব স্বস্তিদায়ক ছিল না, তা কিং খান নিজেই খোলাসা করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
বক্স অফিসে ঝড় তোলা পাঠানে ঝুমে জো পাঠান গানে দীপিকা পাড়ুকোনকে সঙ্গে শাহরুখ খানের নাচ লুফে নিয়েছে দর্শকরা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই গানের সঙ্গে নাচতে দেখা গেছে ক্রিকেটার বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে।
পাঠান নির্মাতারা গানটির শুটিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে শাহরুখ খান বলেন যে তিনি বাধ্য হয়ে শুটিংয়ে নগ্ন বুক দেখিয়েছেন।
চলচ্চিত্রটির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, “শাহরুখ এতটাই লাজুক যে শার্টের একটি বোতামও খুলতে চান না। তবে আমি মনে করি, আপনার এমন দারুণ শরীর থাকলে তা অবশ্যই বিশ্বকে দেখানো উচিৎ।”
তবে সিনেমার গানটি হিট হওয়ার পর শাহরুখ খানের উপলব্ধি বদলে গেছে। তিনি বলেন, “তবে যখন আমার বাচ্চারা গানটি দেখে এবং ভাবে ‘বাবার শরীর কী সুন্দর!’, তা আনন্দ দেয় আমাকে। যদিও বিষয়টা খুব বিব্রতকর, জানি না আবার এমনটা করব কি না?”
এ ভিডিও নিয়ে শাহরুখ টুইটারে বলেছেন, “আমরা এমন স্টাইলে নাচতে চেয়েছিলাম, যা সহজ হবে এবং সবাই যেন তাতে নাচতে পারে। এটি একটি মজার গান, উৎসবের গান। শুনলেই নাচতে ইচ্ছা করবে আপনাদের।”
