২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধুম থ্রি’ কেন হাতছাড়া হয়েছিল দীপিকার?

“প্রযোজক আমাকে আশ্বাস দিয়েছিলেন যে, আমিই থাকছি সিনেমায়। কিন্তু সেটি হয়নি,“বলেন এ অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

Published : 25 Oct 2023, 05:54 PM

Updated : 25 Oct 2023, 05:54 PM

বলিউডে সাড়া ফেলা সিনেমা ‘ধুম থ্রি’তে নায়িকা হওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। আর সেটি হলে ক্যারিয়ার আরও ‘বর্ণিল’ হত বলে মনে করেন এই নায়িকা। কিন্তু ‘কোনো একজনের সিদ্ধান্তে’ ৫ বছর আগের ওই সিনেমা দীপিকার হাত ছাড়া হয়ে যায়।

২০১৮ সালের শেষদিকে পর্দায় আসে ‘ধুম থ্রি’। অ্যাকশন-থ্রিলার ঘরানার সেই সিনেমা হিন্দি ছাড়াও তামিল ও তেলেগুতে মুক্তি পায়। যশরাজ ফিল্মসের এ সিনেমায় ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।

দীপিকা জানান, যশরাজ ফিল্মস থেকে প্রথমে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। চিত্রনাট্য পছন্দ হওয়ায় সিনেমাটি করবেন বলে মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।

“আমার মনে হয়েছিল, ওই সময়ে ‘ধুম থ্রি’ আমার ক্যারিয়ারকে অন্য মাত্রা এনে দিতে পারত। প্রযোজকের সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছিল আমার। তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে, আমিই থাকছি সিনেমায়। কিন্তু সেটি হয়নি।“

দীপিকার ভাষ্য, “প্রযোজক এও বলেছিলেন, আমাকে নায়িকা হিসেবে নির্বাচন করতে সিনেমার অন্য অভিনয় শিল্পীদের সঙ্গে আলোচনা করতে হবে। অনেকদিন পর্যন্ত ভেবেছিলাম ‘ধুম থ্রি’তে আমিই কাজ করব। কিন্তু হঠাৎ করে সব বদলে গেল। জানতে পারলাম, আমি সিনেমা থেকে বাদ পড়েছি।“

ওই সিনেমা হাতছাড়া হওয়ার পরে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে কাজ করেছিলেন দীপিকা। তবে বলিউডে গুঞ্জন আছে, সিনেমার অন্যতম চরিত্র খলনায়ক আমিরের পছন্দ অনুযায়ীই নাকি দীপিকাকে বাদ দিয়ে ক্যাটরিনাকে আনা হয়।

‘ধুম থ্রি’ করা হয়নি বলে ‘আফসোস নেই’ জানিয়ে দীপিকা বলেন, “আমি বিশ্বাস করি, নিয়তির ইচ্ছাতেই আমার কাছে এর পরেরর সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র প্রস্তাব আসে।

‘ধুম থ্রি’ নিয়ে দীপিকার এত কথা জানা গেল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার একটি ভিডিও সাক্ষাৎকার থেকে।

‘ধুম থ্রি’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন নির্মাতা বিজয় কৃষ্ণ।

‘ধুম’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৪ সালে। তাতে অভিনয় করেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওলসহ আরও অনেকে।

প্রথম সিনেমার সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ধুম ২’। এতে অভিনয় করেন হৃত্বিক রোশান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু। সিরিজের দ্বিতীয় সিনেমাও দারুণভাবে ব্যবসাসফল হয়। সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক )