ভোট দিলেন শাকিব খান, সারা যাকেরসহ তারকারা
অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা শিহাব শাহীন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জাকিয়া বারী মমও ভোট দিয়েছেন।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ভোট দিয়েছেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি ও তার পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার।
ভোট দেয়ার পর অনুভূতি জানিয়ে শাকিব বলেছেন, ভোট দেয়ার মধ্য দিয়ে নাগরিক দায়িত্ব পালন করেছেন।
বিকাল পৌনে ৩টায় মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যান শাকিব।
ভোট দেয়ার পর শাকিব বলেন, “ভোট দিতে পেরে ভালো লাগছে। আমি গত নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি।”
শাকিবের বাবা সকালেই ভোট দিয়েছেন বলেও জানান এই চিত্রনায়ক।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলা ভোটগ্রহণ হয় রোববার।
এদিন চলচ্চিত্র, নাটক, সংগীত ও থিয়েটারের অনেকেই ভোট দেন।
নাট্যজন সারা যাকের ছেলে অভিনয়শিল্পী ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়াকে নিয়ে ভোট দেন বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
এছাড়া অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা শিহাব শাহীন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জাকিয়া বারী মমও ভোট দিয়েছেন।
তারা ফেইসবুকে ছবি ফেইসবুকে শেয়ার করে ভোট দেয়ার তথ্য জানান।
