বচ্চনদের সবাই ছিলেন ‘পা’ সিনেমায়
বচ্চনপুত্রর ভাষ্য হল, বাল্কি তাদের পুরো পরিবারকে ‘পা’ সিনেমায় টেনে এনেছিলেন, কিন্তু সেই কৌশল তারা নাকি প্রথমে বুঝতেই পারেননি।
বাস্তব জীবনের বাবা-ছেলে পর্দায় হাজির হয়েছিলেন সম্পর্ক উল্টে বলিউডের 'পা' সিনেমায়। অর্থাৎ নির্মাতা আর বাল্কি ‘পা’তে অমিতাভকে করলেন ছেলে, আর অভিষেক হয়েছিলেন বাবা। কমেডি ড্রামা ঘরানার ওই সিনেমায় বচ্চন পরিবারের দুই সদস্যকে পর্দায় দেখা গেলেও, বাকি সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন ‘পা’ এর সঙ্গে।
পিংকভিলা বলছে, সিনেমা মুক্তির ১৪ বছর পর ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন অভিষেক। বচ্চনপুত্রর ভাষ্য হল, বাল্কি তাদের পুরো পরিবারকে ‘পা’ সিনেমায় টেনে এনেছিলেন, কিন্তু সেই কৌশল তারা নাকি প্রথমে বুঝতেই পারেননি। আর এখানেই বাল্কির ‘ক্যারিশমা’।
সেই বাল্কিই তার ‘ঘুমর’ সিনেমায় অমিতাভ-অভিষেককে ফের এক পর্দায় এনেছেন। বাল্কির সঙ্গে কাজের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক স্মৃতির টাইম মেশিনে চড়ে ফিরে যান ২০০৯ সালে। যখন তিনি ‘পা’ এর শুটিং করছিলেন।
অভিষেক বলেন, “বাল্কি আমাকে কীভাবে যেন ‘পা’ সিনেমায় একজন প্রযোজক বানিয়ে দিলেন। বাবা আর আমিতো অভিনয়ই করেছি। তারপর শুনলাম মা (জয়া বচ্চন) সিনেমার নাম দিয়েছেন।“
হাসতে হাসতে অভিষেক বলেন, “বাদ থাকল আমার স্ত্রী ঐশ্বরিয়া রাই। কিন্তু তিনিও একসময়ে এই সিনেমার কাজে জড়িয়ে গেলেন।
“তখন গোয়ায় আরেকটি সিনেমার কাজ করছি। শিডিউল নিয়ে ভীষণ টানাটানি ছিল। প্রায়ই রাতে গোয়া থেকে প্লেনে করে মুম্বাইয়ে ফিরে‘পা’র শুটিং করে ফের ফিরতাম গোয়ায়। একরাতে গোয়া থেকে বাসায় ফিরেই মনে হল ‘পা’র পরদিনের শুটিংয়ে আমার কস্টিউম ঠিক করা হয়নি। টেনশনে আমারতো মাথায় হাত!”
অভিষেককে ওই বিপদ থেকে ঐশ্বরিয়া কীভাবে বাঁচালেন সে গল্পে তিনি বলেন, “ওই সময়ে আমাদের পোশাক ডিজাইনার ছিলেন না। ঐশ্বরিয়ার বুদ্ধিতে সাদা পাঞ্জাবি, চশমা পড়লাম। বাবার চরিত্রে ওই পোশাকে আমাকে নাকি দারুণ মানিয়েছিল, বাল্কি প্রশংসাও করেছিলেন।“
জাতীয় পুরস্কার জিতে নেওয়া ‘পা’ সিনেমার তিন মুখ্য চরিত্র হল অমিতাভ, অভিষেক এবং বিদ্যা বালান। বাবা-মা-ছেলের জীবনের সেই গল্পে ছেলে অমিতাভ এমন রোগে আক্রান্ত, যে অসুখেই বাল্যকালেই বুড়িয়ে যাচ্ছে সে।
বাল্কি সিনেমাটি বানিয়েছিলেন হলিউডি ফিল্ম ‘জ্যাক’ থেকে অনুপ্রাণিত হয়ে। ‘পা’ দর্শক জনপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পায়।
