'ব্রুকলিন নাইন নাইন' খ্যাত অভিনেতা আন্দ্রে ব্রাওয়ারের জীবনাবসান
ব্রাওয়ার গত সোমবার (১১ ডিসেম্বর) মারা গেছেন, কয়েকমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
যুক্তরাষ্ট্রের কমেডি টিভি সিরিয়াল 'ব্রুকলিন নাইন নাইন' অভিনেতা আন্দ্রে ব্রাওয়ার বাঁচতে চেয়েছিলেন অনেকদিন। ইচ্ছে ছিল আরও অনেক কাজ করবেন, স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরে বেড়াবেন। বাঁচার আশায় শরীর ঠিক রাখতে সুরা আর ধূমপানকেও বিদায় জানিয়েছিলেন ব্রাওয়ার।
কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়ার পরও কয়েক মাস আগে দুই বারের অ্যামি অ্যাওয়ার্ড জয়ী এই অভিনেতার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারণব্যধির কাছে হার মেনে চলে গেলেন ব্রাওয়ার।
বিবিসিকে তার প্রতিনিধি বলেছেন, ব্রাওয়ার গত ১১ ডিসেম্বর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। কয়েকমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা আট বছর ধরে চলা 'ব্রুকলিন নাইন নাইন' সিরিয়ালে ব্রাওয়ার ক্যাপ্টেন 'রে হল্ট' চরিত্রটি করে দারুণ জনপ্রিয়তা পান।
এছাড়া 'হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট' সিরিয়ালেও একজন গোয়েন্দার ভূমিকায় নাম করেন ব্রাওয়ার।
'হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট' এবং 'ক্রাইম থিলাল থিফ' সিরিয়াল দুটি ব্রাওয়ারের ঝুলিতে এনে দেয় দুইবারের অ্যামি অ্যাওয়ার্ড। এছাড়াও সবমিলিয়ে ১১ বার অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
কিছুদিন আগে একটি জীবনীমূলক নাটকে সাংবাদিকের ভূমিকায় কাজ শুরু করেছিলেন ব্রাওয়ার, যা শেষ করে উঠতে পারেননি।
ব্রাওয়ারের মৃত্যুতে ‘ব্রুকলিন নাইন নাইন' অভিনেতা টেরি ক্রুস সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন।
টেরি ক্রুস বলেন, " আমি ব্রাওয়ারের সঙ্গে কাজ করে সাম্মানিত হয়েছি। আপনার প্রতিভার সঙ্গে গৌরবময় আটটি বছর কেটেছে আমার। আপনি আমাকে ভালোভাবে বেঁচে থাকার মন্ত্র শিখিয়েছেন।"
শিকাগোতে জন্ম নেওয়া ব্রাওয়ার নিউইয়র্কে জুলিয়ার্ড স্কুলে নাট্যকলায় পড়ার আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে স্নাতক হন।
ব্রাওয়ারের স্ত্রী অভিনেত্রী অ্যামি ব্র্যাবসন। 'হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট' নাটকের শুটিং করার সময় তারা প্রেমে পড়েন। এই দম্পতির তিন ছেলে।
