ইয়াশ-ঐশীর ‘আদম’ সিনেমার ‘ফার্স্ট লুক’ প্রকাশ
সেন্সর ছাড়পত্র মিলেছে, শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।
ইয়াশ রোশান ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত আবু তাওহীদ হিরণ পরিচালিত প্রথম সিনেমা ‘আদম’ এর ‘ফার্স্ট লুক’ প্রকাশ পেয়েছে।
২০১৮ সালের শেষের দিকে মোংলা, সুন্দরবন, ময়মনসিংহ, জামালপুর ও কুয়াকাটায় সিনেমাটির শুটিং হয়েছিল।
দীর্ঘ অপেক্ষা শেষে বুধবার মুক্তি পেল ইয়াশকে নিয়ে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। ধূসর রঙের পোস্টারে রয়েছে শিল্পের ছাপ।
পোস্টারে দেখা যায়- ইয়াশ বিষণ্ন, বিধ্বস্ত, মুখে দুশ্চিন্তার ছাপ থাকলে চোখে খেলা করছে দৃঢ়তা। মোটা গাছের ডাল দিয়ে বৈঠা বানিয়েছে। যেন তাকে যেতে হবে অনেকদূর।
পোস্টারে লেখা ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ স্লোগানটি ইঙ্গিত দেয়, জীবন ও বাস্তবতার নির্মম চিত্রায়ন আদম।
নির্মাতা হিরণ জানালেন, আদমের যাবতীয় কাজ শেষ। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। শিগগিরই মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি।
ইয়াশ-ঐশী ছাড়া এতে অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য ও রাইসুল ইসলাম আসাদ।
হিরণ গ্লিটজকে বলেন, “মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে আদম। জঙ্গল, সমুদ্র, গ্রাম সবকিছু মিলিয়ে ৫১ দিন শুটিং করা হয়েছে।”
সিনেমার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, “আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়।”
তিনি বলেন, “আমার ভাষায় বলতে গেলে আদম থেকে আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান। আদমদের এই সব বিচিত্র রূপ নিয়ে নির্মিত হয়েছে আমাদের আদম সিনেমাটি।”
সিনেমাটি নিয়ে ইয়াশ বলেন, “এরকম গল্প নিয়ে এর আগে আমার সিনেমা করা হয়নি। এই প্রথম সাহস করে ছবিটি করা। আমরা এত কষ্ট করতে পেরেছি সিনেমাকে ভালোবাসি বলেই। দর্শকও ভালো সিনেমা দেখতে চান। আমার বিশ্বাস, যদি ভালো কিছু হয়, দর্শক এর মূল্য দেবেন।”
জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, “আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল। সব শিল্পী চান চরিত্রে ও অভিনয়ে বৈচিত্র্য আনতে। এটা আমার বৈচিত্র্যময় কাজগুলোর একটি।
“১৯৮০র দশকের একটি গ্রামীণ গল্প। আমি ওই সময়টা সামনে থেকে দেখিনি। ফলে চরিত্রটা ধারণ করতে বেশ এফোর্ট দিতে হয়েছে। নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটারের পরামর্শ নিয়ে চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
সিনেমার সফলতা কামনা করে ঐশী বলেন, “একটা কাজ শেষ হতে হতে আমরা কাজটার সঙ্গে ইমোশনালি জড়িয়ে যাই। কাজটা সফল হোক এটাই আমি চাই।”
