Published : 10 Dec 2022, 05:08 PM
তাদের সবাই বহুমাত্রিক অভিনয়ে স্বনামধন্য এবং জনপ্রিয়; চলতি বছরে তাদের কারও কোনো সিনেমাই বড় পর্দায় আসেনি। তবুও এই বছর তারকাদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে হলিউডের পাঁচ অভিনেতা-অভিনেত্রীকে, কারণ দিনের পর দিন ধরে আলোচিত হয়েছে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড।
বছরজুড়ে মানুষ গুগলে যা অনুসন্ধান করে, সেটির এক বার্ষিক প্রতিবেদন তুলে ধরে গুগল। সেই প্রতিবেদনে পাঁচ অভিনেতা-অভিনেত্রী হলেন-জনি ডেপ, উইল স্মিথ, অ্যাম্বার হার্ড, ক্রিস রক এবং জেডা পিনকেট স্মিথ।
এই পাঁচজনই কেন?
সিনেমার জন্য না হলেও মামলাকাণ্ডে জড়িয়ে পড়ায় বছরের মাঝামাঝি নাগাদ থেকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বহুবার শিরোনাম হন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ। তাই গুগলে এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে জনিডেপকে।
তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানি মামলার বিষয়টি বছরের আলোচিত ঘটনা। তাই হার্ড গুগুলে সবেচেয়ে অনুসন্ধান করা ব্যক্তির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে আছে অস্কার অনুষ্ঠানে চড়কাণ্ডের জন্য আলোচিত সমালোচিত তারকা উইল স্মিথ। চতুর্থ ও পঞ্চমে নাম আছে ক্রিস রক ও জেডা পিনকেট স্মিথ, তারাও চরকাণ্ডে সরাসরি সংশ্লিষ্ট।

জনি ডেপ
২০১৫ সালে ‘হলিউড ভ্যাম্পায়ার’ আর ‘অ্যাফ্রেইড অব ঘোস্ট’র পর ২০২০ পর্যন্ত ডেপকে রুপালি পর্দায় আর দেখতে পায়নি তার অগুনতি ভক্তরা। ২০২১ সালে ডেপের ‘মিনামাটা’ সিনেমা মুক্তি পেলেও যুক্তরাষ্ট্রে সেটির প্রদর্শনী হয়নি। হতাশ ডেপের সে সময়ের ভাষ্য ছিল, হলিউড বুঝি তাকে ‘প্রত্যাখান’ করেছে। এর কারণ সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে তার দাম্পত্য কলহ, যে জটিলতা অন্দর ছাড়িয়ে গড়ায় আদালত অবধি।
কিন্তু চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানি মামলায় জয়ী হওয়ার পর ‘সুদিন’ ফেরে ডেপের। যে মামলার শুনানি চলার সময় এবং রায়ের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সমর্থন দেখা গেছে ডেপের পক্ষেই।
মামলায় জয় পাওয়ার পর থেকে জনি ডেপ অনেকগুলো কাজে হাত দিয়েছেন। ‘জান দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই হয়ে আসছেন জনি ডেপ। সিনেমায় শুটিংও শেষ হয়েছে।
এছাড়া ইতালিয়ান চিত্রকর আমেদেও মোদিয়ানির জীবনকে পর্দায় নিয়ে আসছেন হলিউড অভিনেতা জনি ডেপ; তবে অভিনয়ে নয়, দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন তিনি। এসব ছাড়াও খুচরো কাজ হিসেবে ডেপ টিকটকে এসেছেন, কনসার্ট করেছেন, ছবি এঁকে সেগুলো চড়া দামে নিলামেও চড়িয়েছেন। এবং সর্বশেষ বড় খবর হলো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্র জ্যাক স্প্যারো হয়ে জনি ডেপের ফেরার সম্ভবনা আরও জোরালো হয়েছে। এই সব কর্মকাণ্ড মিলিয়ে মানুষজন গুগলে ডেপের খবর জানতে তাকে খুঁজেছে সবচেয়ে বেশি।

উইল স্মিথ
অস্কারের রঙ্গমঞ্চে অনেক নাটকই ঘটে, তার অনেকগুলো আবার পরিকল্পনা করেই হয়। কিন্তু এবারেরটি সাজানো ছিল না।
অস্কারের ৯৪তম আসরের অন্য্যতম সঞ্চালক ক্রিস রক রসিকতা করেছিলেন উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথে মুণ্ডিত মস্তক নিয়ে। উইল স্মিথ এর জবাব দেন চড় কষিয়ে, সঙ্গে উচ্চারণ করেন একটি খিস্তি।
জেডা ‘অটোমেটিক ডিজঅর্ডার ‘এলোপিশিয়ায়’ ভুগছেন, যার কারণে চুল পড়তে ও রক্তপাত হতে পারে। স্ত্রীর অসুস্থতা নিয়ে রকের ওই রসিকতা সহ্য করতে পারেননি স্মিথ। হাত উঠে যায় বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আসরে। যিনি এবার সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন।
কিন্তু ওই ঘটনার জল গড়ায় বহুদূর। এই হলিউড তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ‘চড়কাণ্ডের’ জন্য অ্যাকাডেমি, সহমনোনীত এবং ক্রিস রকের কাছেও দফায় দফায় ক্ষমা প্রার্থনা করেছেন সওই ঘটনার জন্য অ্যাকাডেমি এবং সহমনোনীতদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন স্মিথ।
গেল মার্চে অস্কারের সময় এবং পরবর্তীতেও চড় মারার জন্য খবরের শিরোনামে আসেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।

অ্যাম্বার হার্ড
তারকা স্বামী জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর মামলার কারণে বছরজুড়েই গণমাধ্যমের শিরোনাম ছিলেন অ্যাকুয়ম্যান তারকা অ্যাম্বার হার্ড। গুগলে তার নাম দিয়ে অসংখ্যবার খোঁজার এটাই হতে পারে সম্ভাব্য কারণ।
দিন কয়েক আগে সেলেব ট্যাটলারের অনুসন্ধান ধরে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গুগলে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি মাসে ৫৬ লাখ বার অ্যাম্বার হার্ড নাম দিয়ে খোঁজা হয়েছে।
২০১৮ ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গৃহ নির্যাতনের শিকার বলে দাবি করেছিলেন হার্ড। সেই সুত্র ধরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ।
মামলায় ‘পাইরেট অব দ্যা ক্যারিবিয়ান’ তারকার জয় হলেও অনেকের সহানুভূতি যেমন কুড়িয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ তারকা, তেমনি নিন্দাও কুড়িয়েছেন।
ক্রিস রক
অস্কার অনুষ্ঠানের ঘটনায় উইল স্মিথের কপাল ‘পুড়লেও’ ভাগ্য ‘খুলেছে’ স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রকের। অস্কারের পরই দেশে দেশে স্ট্যান্ড আপ কমেডি শো ‘ইগো ডেথ ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করেন তিনি। চড়া দামে বিক্রি হয়েছে তার সেইসব অনুষ্ঠানের টিকেট। সবাই যেন তার মুখ থেকে ওই রাতের ঘটনা শোনার জন্য মুখিয়ে থাকেন। রকও তার জীবনের ‘খারাপ’ মুহুর্তটি নিয়ে নানা রকমভাবে মজা করে শুনিয়েছেন শো গুলোয়। ধারণা করা হচ্ছে গুগলে তার নাম দিয়ে বহুবার খোঁজার জন্য ‘চড়কাণ্ডই’ হতে পারে অন্যতম কারণ।

জেডা পিনকেট স্মিথ
অভিনেত্রী এবং টক শো সঞ্চালক জেডা পিনকেট স্মিথের কোনো সিনেমা নেই এই বছরে, কিন্তু তাও তিনি মানুষের আগ্রহে আছেন। সম্ভাব্য কারণ ওই অস্কার মঞ্চে তারই কারণে তার স্বামীর মেজাজ হারিয়ে সঞ্চলককে চড় কষিয়ে দেওয়া।
পুরস্কারের ওই মঞ্চে রাগের মাথায় স্মিথ যা করেছেন, তা সমর্থন করেন না পিনকেট স্মিথ। তবে অস্কার অনুষ্ঠানের ওই চড় মারার ঘটনা 'এলোপিশিয়া' রোগটি সম্পর্কে অনেক মানুষকে সচেতন করেছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, মানুষ যখন এ রোগটির যন্ত্রণা না জেনেই মজা করে, সেটার কষ্ট কেবল ভুক্তভোগীই বুঝতে পারেন।
এক ফেইসবুক শোতে এসে জেডা বলেছিলেন, স্মিথ আর রক নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন, সেই আশাতেই তিনি আছেন।