ইরানি চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রীকে হত্যা
দারিউস মেহেরজুইকে ষাটের দশকের ইরানিয়ান নিউ ওয়েভ (নবতরঙ্গ) চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয়।
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই এবং তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদিফারকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, গত শনিবার সন্ধ্যায় বাড়ির ভেতর তাদের লাশ পাওয়া যায়, মরদেহে ছিল ছুরিকাঘাতের চিহ্ন। পাশেই পড়ে ছিল একটি ছুরি।
বিবিসি লিখেছে, ৮৩ বছর বয়সী মেহেরজুইকে ষাটের দশকের ইরানিয়ান নিউ ওয়েভ (নবতরঙ্গ) চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয়।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে চিহ্নিত করেছে বলে ইরানি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ইরানের বিচারিক কর্মকর্তা হোসাইন ফাজেলি জানান, দারিউস মেহেরজুইয়ের বাড়ি তেহরান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কারাজ শহরে। তার মেয়ে মনা মেহেরজুই থাকেন তেহরান শহরে।
মেহেরজুই শনিবার তার মেয়েকে বাড়িতে ডেকেছিলেন রাতে একসাথে খাওয়ার জন্য। মেয়ে যখন ওই বাসায় পৌঁছান, তিনি ভেতরে পান বাবা-মায়ের লাশ।
মেহেরজুইয়ের স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদিফার একজন চিত্রনাট্যকার এবং কস্টিউম ডিজাইনার। স্থানীয় একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, মোহাম্মাদিফার সম্প্রতি হুমকি পাওয়ার কথা বলেছিলেন। চুরির জন্য তাদের বাড়িতে কেউ ঢুকেছিল বলেও জানিয়েছিলেন।
দারিউস মেহেরজুই ও তার স্ত্রীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ইরানের চলচ্চিত্র অঙ্গনে। অনেকেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান।
মেহেরজুই ষাটের দশকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, পরে পাঁচ বছর থাকেন ফ্রান্সে। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া তার ‘গাভী’ সিনেমাটি ইরানে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে। বলা হয়, ওই সিনেমাটিই ইরানের নবতরঙ্গ সিনেমাকে বিশ্বের সামনে তুলে ধরে।
সরকারি অনুদানে নির্মিত প্রথম ইরানি সিনেমা ‘গাভী’র গল্প এগিয়েছে গ্রামের এক গৃহস্থ এবং তার গাভীর প্রতি তার গভীর ভালোবাসার চিত্রায়নে। কিন্তু সেই গল্পের ছলেই দেশের শাসকদের সমালোচনা করেছেন নির্মাতা।
সে কারণে পরে সিনেমাটি ইরানে নিষিদ্ধ করা হয়। এক বছর নিষিদ্ধ থাকার পর ১৯৭০ সালে আবার মুক্তি পায়। ভেনিস চলচ্চিত্র উৎসবে পায় পুরস্কার।
বলা হয়, ইরানের নবতরঙ্গ সিনেমা আন্দোলনের কেন্দ্রে ছিল ‘বাস্তববাদ’, তবে মেহেরজুই সিনেমা বানাতে গিয়ে অনুপ্রেরণা নিতেন সাহিত্য থেকে।
হামুন, দ্য পিয়ার ট্রি, লায়লা, সারা, দ্য লেডি, দ্য পোস্টম্যান, টু স্টে অ্যালাইভ, মিস্টার গালিবেল, দ্য সাইকেল, দ্য টিনেন্টস তার কয়েকটি বিখ্যাত সিনেমা।
দীর্ঘ ক্যারিয়ারে মেহেরজুই আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার পেয়েছেন। কিন্তু সেন্সরশিপের কারণে নিজের দেশে তার চলচ্চিত্র খুব কমই প্রদর্শিত হয়েছে।
