০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মীনা কুমারী হয়ে আসছেন কৃতি

বায়োপিকে খবরে মোটেও খুশি নন প্রয়াত অভিনেত্রী মীনা কুমারী ও পরিচালক কমল অমরোহীর ছেলে তাজদার অমরোহী। বায়োপিক তৈরির জন্য তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

মীনা কুমারী হয়ে আসছেন কৃতি

মীনা কুমারী, মনীশ মালহোত্রা ও কৃতি স্যানন

গ্লিটজ ডেস্ক

Published : 19 Aug 2023, 09:49 PM

Updated : 19 Aug 2023, 10:28 PM

বলিউডের এভারগ্রিন ডিভা মীনা কুমারীর জীবনী অবলম্বনে তৈরি সিনেমায় তার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কৃতি শ্যাননকে। এ সিনেমার মধ্য দিয়েই প্রথমবারের মতো পরিচালনায় আত্মপ্রকাশ করবেন বলিউডের চর্চিত পোশাকশিল্পী মনীশ মালহোত্রা। 

কৃতির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, আসন্ন সিনেমায় তার ভূমিকার জন্য মীনা কুমারী অভিনীত সিনেমা ‘বৈজু বাওরা’, ‘সাহেব বিবি অর গুলাম’ ও ‘পাকিজা’র খুঁটিনাটি বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছেন কৃতি। 

এছাড়াও পর্দার বাইরে মীনা কুমারীর ব্যক্তিত্ব বোঝার জন্য বেশ কিছু পুরনো সাক্ষাৎকারও পড়ছেন তিনি। 

কৃতি বায়োপিকের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি ওয়ার্কশপ শুরু করবেন। সিনেমার চিত্রনাট্যও প্রায় শেষের দিকে রয়েছে। প্রাথমিকভাবে অক্টোবরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে আনন্দবাজার বলেছে, বায়োপিকের খবরে মোটেও খুশি নন প্রয়াত অভিনেত্রী মীনা কুমারী ও পরিচালক কমল অমরোহীর ছেলে তাজদার অমরোহী। মা মীনা কুমারীর বায়োপিক তৈরির জন্য তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ তাজদারের। অনুমতি ছাড়া সিনেমাটি বানানো হলে আদালত পর্যন্ত যাবেন বলে সতর্ক করেছেন তিনি। 

সম্প্রতি এই প্রসঙ্গে তাজদার বলেন, “মীনা কুমারী আমার মা, কমল অমরোহী আমার বাবা। ইন্ডাস্ট্রির লোকজন নিজেদের মা-বাবার জীবন নিয়ে বায়োপিক বানাতে পারেন তো! তা তো করবেন না। তা হলে আমার মাকে নিয়ে ভুরি ভুরি মিথ্যা ভরে বায়োপিক বানানোর কারণ কী?’’ 

তাজদারের কথায়, “বাবা ২৯ বছর আগে প্রয়াত হয়েছেন। ছোট মা (মীনা কুমারী) তারও আগে। কিন্তু আজও তারা দর্শকের মননে থেকে গিয়েছেন। সেই ভাবমূর্তিকে নষ্ট হতে আমি দেব না।”