চঞ্চলের গুরুর সঙ্গে পুত্রের অভিষেক
বৃন্দাবন দাসের রচনা এবং এজাজ মুন্নার পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটকে শুদ্ধ অভিনয় করছে।
অভিনয়ে অভিষেক হল অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর।
যে নাট্যগুরুর কাছে চঞ্চল এখনো শিখে চলেছেন, সেই বর্ষীয়ান অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদের সঙ্গে এক পর্দায় দেখা যাবে চঞ্চলপুত্র শুদ্ধকে।
ফেইসবুকে ছেলের অভিনয়ের এই খবর দিয়েছেন চঞ্চল। তিনি লিখেছেন, বৃন্দাবন দাসের রচনা এবং এজাজ মুন্নার পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটকে শুদ্ধ অভিনয় করছে।
আসছে রোজার ঈদে ‘ইতি তোমার আমি’ নাটকটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।
নাটকটিতে শুদ্ধ ও মামুনুর রশীদের সঙ্গে দিব্য জ্যোতিও অভিনয় করছে। দিব্য অভিনয়শিল্পী দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির ছেলে।
নাটকের গল্পের আভাস দিয়ে চঞ্চল বলেছেন, দাদা-নাতি (শুদ্ধ ও মামুনুর রশীদ) দুজনেই স্কুলের ছাত্র, দুজনের প্রবল বন্ধুত্বও।
চঞ্চল তার অভিনয়ে গুরু মানেন মামুনুর রশীদকে। কিছুদিন আগে মামুনুর রশীদের জন্মদিনে নিজে হাতে আঁকা ছবি উপহার দিয়ে গুরু দক্ষিণাও দিয়েছেন।
আর তার 'পরিচিতি ও জনপ্রিয়তার' পেছনের একজন গুরুত্বপূর্ণ কারিগর মনে করেন বৃন্দাবন দাসকে।
সেই দুই মানুষের হাত ধরে ছেলের অভিনয় যাত্রাকে ‘বড় সৌভাগ্য’ বলে মনে করেন চঞ্চল।
তিনি বলেন, “শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলে বৃন্দাবন দার লেখা নাটক দিয়ে, মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়। এর চেয়ে বড় সৌভাগ্য ওর জন্য কী হতে পারে?“
শুদ্ধর জন্য সবার কাছে আর্শীবাদ চেয়েছেন চঞ্চল।
আরো পড়ুন
