মাদকে আচ্ছন্ন অবস্থায় বাথটাবে ডুবেই মৃত্যু অ্যারন কার্টারের
ব্যাকস্ট্রিট বয়েজের সদস্য নিক কার্টারের ছোট ভাই অ্যারন গত নভেম্বরে মারা যান।
যুক্তরাষ্ট্রের পপ সংগীত তারকা অ্যারন কার্টার মাদক সেবনের কারণেই দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মারা গেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের সদস্য নিক কার্টারের ছোট ভাই অ্যারনকে (৩৪) গত ৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ার ল্যানচেস্টারে তার নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার বিবিসি জানায়, অ্যারনের ময়নাতদন্ত প্রতিবেদন থেকে এখন জানা গেছে যে বাথটাবে পানিতে ডুবেই অ্যারনের মৃত্যু হয়েছে এবং এর জন্য দায়ী ছিল অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণ।
ময়নাতদন্ত প্রতিবেদনে এই সংগীতশিল্পীর দেহে পাওয়া মাদকদ্রব্যের নাম এবং তার প্রভাবের কথাও বলা হয়েছে।
অ্যারন কার্টারকে শেষবার জীবিত দেখা গিয়েছিল ৪ নভেম্বর ভোরে যখন পুলিশ তার বাসায় গিয়েছিল। তারা অ্যারনের বাসায় গিয়েছিল কারণ কিছুক্ষণ আগেই তাকে ইনস্টাগ্রামে সরাসরি প্রচার করা ভিডিওতে ধূম্র জাতীয় কিছুপান করতে দেখা গিয়েছিল।
পুলিশ প্রতিবেদনে পাওয়া সেই তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনের সঙ্গেও যুক্ত করা হয়েছে।
পুলিশ যাওয়ার পর অ্যারন কার্টার সেখান থেকে তাদের চলে যেতে বলেন। পুলিশ প্রতিবেদন বলছে, ওইদিন একজন মাদকাসক্তি নিরাময় পরামর্শকের সঙ্গে অ্যারনের অ্যাপয়েন্টমেন্ট থাকলেও তিনি দেখা করতে যাননি।
পরদিন এক নারী, যিনি নিজেকে একজন গৃহকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, অ্যারনের বাসায় যান এবং তাকে বাথটাবে নিসাড় অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া প্যারামেডিকরা সেখানেই অ্যারনকে মৃত ঘোষণা করেন।
তদন্ত কর্মকর্তারা অ্যারনের বাসায় প্রেশক্রিপশনে লেখা বোতল ও একটি ইলেকট্রনিক ডাস্টারের ক্যান খুঁজে পেয়েছেন, যা মাদক সেবনে ব্যবহার করা হয়।
অ্যারন কার্টারের সংগীত ক্যারিয়ার শুরু হয় ব্যাকস্ট্রিট বয়েজের সঙ্গে, যাদের সঙ্গে তিনি একাধিক টুর ও কনসার্টে অংশ নিয়েছিলেন।
নব্বইয়ের দশকের শেষ দিকে এবং এই শতকের শুরুর দিকে তার চারটি অ্যালবাম দারুণ বিক্রি হয়েছিল, যার প্রথমটি তিনি রেকর্ড করেছিলেন মাত্র ৯ বছর বয়সে।
তার দ্বিতীয় অ্যালবাম ‘অ্যারন’স পার্টি (কাম গেট ইট)’ মুক্তি পায় ২০০০ সালে এবং এর বিক্রি সংখ্যার হিসাবে তা ‘ত্রিপল প্ল্যাটিনাম’ স্বীকৃতি অর্জন করে।
এই অ্যালবাম মুক্তি পাওয়ার পর আরেক মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে তার ‘ওপস!... আই ডিড ইট এগেইন’ টুরে সহযোগিতা করেন অ্যারন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যারন কার্টার র্যাপ গানে ঝুঁকে পড়েন এবং তাকে ব্রডওয়ে মিউজিক্যালস এবং টেলিভিশন শো ‘ড্যান্সিং উইদ দ্য স্টারস’ এও অংশ নিতে দেখা যায়।
ক্যারিয়ারে বেশ কয়েকবারই সংকটের ভেতরে দিয়ে যেতে হয়েছে অ্যারনকে। তিনি একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়েছেন এবং লাখ লাখ ডলার দেনার দায়ে, যার বড় অংশই কর বাবদ, ২০১৩ সালে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করারও আবেদন করেন।
এছাড়া বেপরোয়ারা গাড়ি চালনা ও মাদক পরিবহনের দায়েও কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মুখোমুখি হতে হয়েছে তাকে।
হলিউড রিপোর্টারের বরাতে বিবিসি লিখেছে, অ্যারন কার্টারের ছেলে প্রিন্সের জন্ম ২০২১ সালে। তার দায়িত্ব পেতে অ্যারন গত বছরেও একবার রিহ্যাবে গিয়েছিলেন।
