২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘কিং’-এর গান আসবে কবে? অনুরাগীর প্রশ্নে অরিজিৎকে যা বললেন শাহরুখ

“দুই বছরে হয়ত বড় একটি কাজ করব, কারণ এখন সিনেমা বানানো খুব কঠিন হয়ে গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 10:03 PM

Updated : 25 Sep 2026, 10:17 PM

সিনেমা মুক্তির বছরখানেক আগে থেকে প্রচার কাজ শুরু করা রীতি হয়ে দাঁড়িয়েছে। সে অনুযায়ী ‘কিং’ সিনেমার একটি লুক পোস্টার সামনে আসে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে হাতে বাকি আর মাত্র তিন মাস। সে হিসেবে এতদিনে একটি দুটি গান প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু তা হয়নি।

এখন প্রশ্ন হল শাহরুখের ‘কিং’ সিনেমার গান আসবে কবে।

এনডিটিভি জানিয়েছে এক্সে ‘এসআরকে’ সেশনে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন শাহরুখ।

সেখানে এক অনুরাগী তাকে অনুরোধ করেন, ‘কিং’-এর একটি গান যেন প্রকাশ করা হয়।

জবাবে শাহরুখের সোজাসাপটা উত্তর, “গানটি প্রকাশ করে দিতেই পারি। কিন্তু এখনও অরিজিৎদাদার কিছু ‘ফিনিশিং টাচ’ দেওয়া বাকি আছে।”

অরিজিৎ তার কাজ নিখুঁত না করে ছাড়েন না বলেই আরও একটু সময় লাগছে, স্বভাবসুলভ রসিকতায় জানিয়েছেন শাহরুখে।

শাহরুখ-অরিজিৎ জুটির ক্ষেত্রে এমন অপেক্ষা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে ‘রাইস’ সিনেমার ‘জালিমা’ গান প্রকাশের সময় শাহরুখের অভিনয়ের প্রশংসা করেছিলেন অরিজিৎ। অভিনেতার রোম্যান্টিক ভাবমূর্তি নিয়ে গায়কের মন্তব্যও তখন বেশ আলোচনা তৈরি করেছিল।

অরিজিতের সেই প্রশংসার জবাবে শাহরুখও জানিয়েছিলেন, গায়কের গানেই এমন কিছু আছে যে, ভালোবাসা স্বাভাবিক ভাবেই প্রকাশ পায়।

তাই ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অরিজিতের জুটি আবার কীভাবে ধরা দেয়, তা দেখার অপেক্ষা আছেন বলে জানিয়েছেন ভক্তরা।

অ্যাকশননির্ভর ‘কিং’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে একেবারে অন্য মেজাজে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের চরিত্র নাকি ধূসর প্রকৃতির। খুন করতেও পিছপা হয় না সে। নিজেই চরিত্রটি সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এই চরিত্রটি অত্যন্ত নির্মম। কেউ যেন এ ধরনের চরিত্র অনুকরণ না করেন, সেই অনুরোধও রেখেছেন অভিনেতা।

মুম্বাইয়ে কদিন আগে একটি ফ্যান মিটে শাহরুখ খান 'কিং' সিনেমায় তার চরিত্র নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন।

শাহরুখের কথায়, "কিং-এ আমার চরিত্রটি খুবই আকর্ষণীয়। সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ অনেক ভালোবাসা দিয়ে চরিত্রটি এঁকেছেন। আমার চরিত্রটির মানুষ হত্যা করতে হাত কাঁপে না। আশা করি আপনারা বিরক্ত হবেন না।”

গেল তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করা অভিজ্ঞতা হয়েছে শাহরুখের।

সে প্রসঙ্গে অভিনেতা বলেন, “গল্পের প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। কিছু অনুপ্রেরণামূলক, কিছু হাস্যরসাত্মক, কিছু রোমান্টিক। তাই আমি এখন সেটাই করার চেষ্টা করছি। দুই বছরে হয়ত বড় একটি কাজ করব, কারণ এখন সিনেমা বানানো খুব কঠিন হয়ে গেছে। তাই সাবধানে বানানো উচিত, যাতে আমি দর্শকদের হতাশ না করি।"

এই সিনেমার মাধ্যমে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় আসছেন মেয়ে সুহানা খান।

এই সিনেমায় আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অরশদ ওয়ারসী এবং অনিল কাপুরসহ আরও অনেকে।

আগামী ২৪ ডিসেম্বর পর্দায় আসছে ‘কিং’।

এদিকে চলতি বছরের শুরু থেকে সিনেমার গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন অরিজিৎ। তাই ‘কিং’ সিনেমায় অরিজিতের গান শুনতে অপেক্ষায় আছেন ভক্তরা।