২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ ‘সবচেয়ে ভালোবাসেন’ বইয়ের গন্ধ নিতে

“কিছুদিন আগে তৈমুরকে বইয়ের গন্ধ শুঁকতে দেখেছি এবং আমার মন ভালো হয়ে গেছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 01:14 PM

Updated : 19 Jun 2023, 01:38 PM

ওয়াইনের একটি গ্লাস হাতে নিয়ে নতুন বইয়ের ঘ্রাণ শুঁকে সেটির পাতা ওল্টাতে মনের ভেতরে যে ভালো লাগা কাজ করে, তা ‘অতুলনীয়’ বলে মনে করেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

মুম্বাইয়ের পতৌদি নবাব পরিবারের সন্তান সাইফের বাবা ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান; মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর, যিনি এসেছেন ঠাকুর পরিবার থেকে। এই দুই অভিজাত পরিবারের ‘বনেদিয়ানা ও রুচি’র শিক্ষাই তাকে ছোটবেলা থেকে বইয়ের সঙ্গী করেছে বলে মনে করেন এই অভিনেতা।

ভারতের ‘জাতীয় পঠন দিবসে’ টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় নিজের পড়ার অভ্যাসের নানা দিক সম্পর্কে জানিয়েছেন সাইফ।

এই অভিনেতা বলেন, তিনি সবচেয়ে ‘ভালো’ থাকেন মনমত একটি লেখা পড়ার পরে বা পড়ার সময়ে। বই হাতে নিয়ে কাগজের গন্ধ নিতে তার সবচেয়ে ভালো লাগে।  

কবে থেকে পড়া শুরু? সাইফ বলেন, অ্যালফ্রেড হিচকক অ্যান্ড দ্য থ্রি ইনভেস্টিগেটর’ তার হাতে আসে সাত কি আট বছর বসয়ে। এবং তার যতদূর মনে পড়ে, এটা তার পড়া প্রথম বই। তবে ছোট থেকে কিছু একটা না পড়লে সাইফের চলত না।

“আমি পুরো ভলিউমটা পড়ে শেষ করেছিলাম। এরপর ধরি কমিক। যেমন, টিনটিন, আমার চিত্রকথা এবং আর্চি কমিকস। তখনও টেলিভিশন বা ভিসিআর মানুষকে গ্রাস করেনি পুরোপুরি।“

ছেলেদেরও বই পড়ার অভ্যাস তৈরি করছেন জানিয়ে সাইফ বলেন, “কিছুদিন আগে তৈমুরকে (সাইফ-কারিনার ছেলে) বইয়ের গন্ধ শুঁকতে দেখেছি এবং আমার মন ভালো হয়ে গেছে।“

এই অভিনেতার ভাষ্য, কিছু বই পুরনো হয় না। বরং মাঝেমাঝে সেগুলো পড়ার পর সেখান থেকে নতুন কিছু আবিষ্কার হয়। বইয়ের চরিত্রগুলোর ভিন্ন রূপ বের হয় এবং প্রতিবারই মনে হয় বইটি দুর্দান্ত। এ ধরনের কিছু বই গ্রান্থাগারকে সমৃদ্ধ করে তোলে।  

সাইফ বলেন, “খুব ক্লান্ত থাকলে আবার বই পড়া যায় না। সিনেমা না শো দেখব সেই সিদ্ধান্ত নিতে আমি যখন ঝামেলায় পড়ি, তখন বুঝি যে পড়ার সময় হয়েছে। উপন্যাসের পাতায় পাতায়, বাক্যের মোড়ে সংগীতের মূর্ছনা লুকনো আছে, যা বিশ্বের সেরা ওয়াইনের মত দারুণ কিছু হতে পারে।“

মুম্বাইয়ের নবাব পরিবারের এই সদস্যের পরামর্শ, শান্ত মন নিয়ে বই পড়তে হবে। তাহলে লেখা তার ‘গভীরতা’ নিয়ে কাছে আসবে।

বই পড়া ছাড়া আর কী করতে ভালোবাসেন সাইফ? তার উত্তর, “হলে গিয়ে সিনেমা দেখা, শো দেখা এবং ডিজিটাল কনটেন্ট পড়াও মজার, এবং এগুলো আমি ভালোবাসি। তবে এই সবগুলো কাজেই কিছুক্ষণ পরে আমার ক্লান্তি আসে। বরং দুই মলাটের মধ্যে লেখকরা যে ধারণাটি দেওয়ার চেষ্টা করছেন, তা বোঝার চেষ্টায় মাথা খাটাতে আমার ভালো লাগে এবং কোনো ধরনের ক্লান্তিবোধ করি না।“