ফারিণের আফসোস
বাংলাদেশি এই অভিনেত্রীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে কলকাতায়।
নিজের প্রথম সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে, অথচ বাংলাদেশের দর্শক দেখতে পারবেন না, এটা পোড়াচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।
তার প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’ আগামী ২ ডিসেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে বলে বৃহস্পতিবার জানালেন ফারিণ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সিনেমার ট্রেইলার মুক্তির পর ঢাকা-কলকাতা থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।”
“প্রথম সিনেমা আমার দেশের দর্শককে দেখাতে পারলে বেশি ভালো লাগত,”আফসোস ঝরে এই অভিনেত্রীর কণ্ঠে।
প্রথম সিনেমা নিয়ে প্রত্যাশা জানতে চাইলে ফারিণ বলেন, “আশা করছি কলকাতার দর্শক হলে গিয়ে আমার সিনেমাটা দেখবে এবং তাদের ভালো লাগা-মন্দ লাগা জানাবে।”
এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়ে গেছেন এই অভিনেত্রী। তবে তিনি এগোতে চান রয়ে-সয়ে।
“দেশ থেকে তো পাচ্ছিই, কলকাতা থেকেও বেশ কিছু সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। এখন তাড়াহুড়া করতে চাই না। সিনেমার করার জন্য সিনেমা করতে চাই না। বেশ সময় নিয়ে ভালো গল্পে কাজ করতে চাই।”
বুধবার প্রকাশিত ট্রেইলারে দেখা যায়, কলকাতার মফস্বল থেকে কাউকে খুঁজতে খুঁজতে নানা চড়াই-উৎড়াই পেরিয়ে লন্ডন পৌঁছে যান ফারিণ। এর মধ্যেই খোঁজ পান আরও এক পৃথিবীর।
চরিত্র নিয়ে জানতে চাইলে বাংলাদেশের এই অভিনেত্রী বলেন, “এই সিনেমায় আমার চরিত্রের নাম প্রতীক্ষা। এটা ১১ বছরের একটা জার্নির গল্প। যেখানে আমার অভিনীত চরিত্রটি নিজের আসল পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়।”
এসকে মুভিজের প্রযোজনায় ‘আরও এক পৃথিবী’তে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বোস।
বাংলাদেশের সংগীতশিল্পী পান্থ কানাইয়ের সঙ্গে জুটি বেঁধে ‘দাহকাল’ নামে একটি সিনেমায় ফারিণ অভিনয় করছেন, এমন খবর প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে।
এ বিষয়ে ফারিণ বলেন, “দাহকাল ওয়েব ফিল্ম। পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা না। এটা নির্মিত হচ্ছে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শনের জন্য। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।”
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় ফারিণের। এরপর বেশ কিছু জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেন।
তবে ফারিণ আলোচনায় আসেন মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ ওয়েব সিরিজে অভিনয় করে। ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ ও ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’-এ তার অভিনয় প্রশংসিত হয়।
