সালমান খানের জন্মদিনের পার্টিতে হাজির সাবেক এক প্রেমিকা
পার্টিতে অভিনেত্রী সঙ্গীতা বিজলানীর উপস্থিতি, তার কপালে সালমান খানের চুমু এঁকে দেওয়ার ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে।
মাঝরাতে সালমান খানের জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের উপস্থিতি একটি চমকই ছিল বটে, তবে তার চেয়ে আলোচিত ছিল এই বলিউড তারকার এক সময়ের এক প্রেমিকার উপস্থিতি।
সোমবার রাতে মুম্বাইয়ে ‘বলিউড ভাইজান’র জন্মদিনের আয়োজনে অপ্রত্যাশিতভাবেই দেখা মেলে সঙ্গীতা বিজলানীর; যা সবাইকে তাদের তিন দশক আগের প্রেমের কথাই মনে করিয়ে দিয়েছে।
জন্মদিনের সেই পার্টিতে অভিনেত্রী সঙ্গীতার উপস্থিতি, তার কপালে সালমানের চুমু এঁকে দেওয়ার ছবি ভারতের প্রায় সংবাদ মাধ্যমে এসেছে, যা পরে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
সালমান ও সঙ্গীতার বলিউডে অভিষেক প্রায় একই সময়ে, তখন তাদের প্রেমের খবর ছিল বলিউডে বহু চর্চিত। ‘কাতিল’ সিনেমা দিয়ে ১৯৮৮ সালে সঙ্গীতার অভিনয় শুরু, তার পরের বছরই সালমানের অভিষেক ঘটে ‘প্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে।
নিরমা সাবানের মডেল হিসেবে খ্যাতি পাওয়া সঙ্গীতাকে পরে ত্রিদেব, হাতিয়ার, জুর্ম, যোধা, খুন কা ফর্জের মতো বেশ কিছু সিনেমায় দেখা গেলেও সালমানের প্রেমিকা হিসেবেই তার পরিচিতি ছিল বেশি।
তবে তাদের সেই প্রেম টেকেনি; এরপর সোমি আলী, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ অনেক অভিনেত্রীর সঙ্গে সালমানের নাম জড়ালেও এই ৫৭ বছরেও একাই আছেন সালমান।
অন্যদিকে সঙ্গীতা ক্রিকেটার আজহারউদ্দীনকে বিয়ে করে সংসারী হন। তবে ২০১০ সালে তার সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতাও আছেন একা।
এত বছর পর তাই সালমানের জন্মদিনে সঙ্গীতার উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। প্রেমের সম্পর্ক ভাঙলেও সঙ্গীতার সঙ্গে সালমানের বন্ধুত্বের সম্পর্ক টিকে আছে বলে এই নায়কের ঘনিষ্ঠরা জানিয়েছেন।
জন্মদিনে সাবেক আরেক প্রেমিকার কাছ থেকে শুভেচ্ছা বার্তাও পেয়েছেন সালমান। তিনি হলেন ক্যাটরিনা কাইফ। এই মুহূর্তে ভারতে না থাকা এই অভিনেত্রী ‘টাইগার’ সম্বোধন করে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন সালমানকে।
সালমান খানকে শিগগিরই ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে টাইগার ৩-এ দেখা যাবে। সিনেমার শুটিং শেষ হয়েছে। আগামী বছর ২১ এপ্রিল সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
