‘ওঁ’-এ পা রেখেছিলেন শ্রেয়স?
বিতর্কিত দৃশ্যটিতে হাঁটতে হাঁটতে নির্দিষ্ট চলার গতিতে একটি জায়গায় এসে থেমে যান শ্রেয়স। সেখানে ছিল ‘ওঁ’ লেখা প্রতীকটি।
এগার বছর আগে সিনেমায় শুটিংয়ের সময় একটি দৃশ্যে ‘ওঁ’ লেখা একটি প্রতীকে বলিউড অভিনেতা শ্রেয়স তালপেড়ের পা পড়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার জন্য এখন এসে ক্ষমা চাইলেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, সিনেমাটির নাম ছিল ‘কামাল ধামাল মালামাল’। ওই সিনেমার একটি দৃশ্য নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজের মত করে ব্যাখ্যা দিয়েছেন শ্রেয়স।
কী ঘটেছিল? ছবিতে একটি দৃশ্য ছিল, যেখানে হাঁটতে হাঁটতে চলার গতি নির্দিষ্ট জায়গায় থেমে যায় শ্রেয়সের। আর সেখানে ছিল ‘ওঁ’ লেখা একটি প্রতীক।
শ্রেয়সের ভাষ্য, “ওই দৃশ্যে আমার সামনে ওঁ লেখা একটি স্টিকার ছিল। কেউ কেউ অভিযোগ করেন যে, আমি আমার পা ওই চিহ্নের উপর রেখেছিলাম। হাঁটতে হাঁটতে ‘ওঁ’ লেখা প্রতীকের সামনে এসে গতিরোধ করতে পারিনি। তাতে পা পড়ে গিয়েছিল কি না আমি সত্যিই বুঝতে পারিনি।’’
শ্রেয়স বিষয়টিকে ‘সম্পূর্ণ অনিচ্ছাকৃত’ বলে ক্ষমা চেয়েছেন।
এ অভিনেতার কথায়, “আপনারা ভিডিওতে যা দেখেছেন তা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বিষয়টি খেয়াল করে পরিচালকের নজরে আনা উচিত ছিল আমার। আমি কখনোই ইচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত করব না। এই জাতীয় কিছুরই পুনরাবৃত্তি ঘটবে না আশা করছি।”
তিনি বলেন, শুটিং করার সময় নির্মাতাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমন কোন মানসিকতা থেকে দৃশ্যটি ধারণ হচ্ছে, অ্যাকশন দৃশ্যটি কেমন হবে কিংবা শুটিংয়ের জন্য বরাদ্দ সময়।
'কমল ধামাল মালামাল'-এ জনি নামে একজন খ্রিস্টান ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন শ্রেয়স। এছাড়া নানা পাটেকর, পরেশ রাওয়াল, ওম পুরি, আশারানি, শক্তি কাপুর এবং নায়রা ব্যানার্জিও ছিলেন।
সিনেমাটি মালায়ালাম ফিল্ম ‘মারিককুন্দরু কুঞ্জাদু ’-এর হিন্দি রিমেক এবং ২০০৬ সালের কমেডি সিনেমা 'মালামাল'-এর রিবুট।
শ্রেয়স 'গোলমাল রিটার্নস', 'ওম শান্তি ওম' এবং 'হাউসফুল ২'-এর মত কিছু কমেডি সিনেমায় অভিনয়ের জন্য আলোচিত। শেষবার জীবনীধর্মী সিনেমা 'কৌন প্রভিন তাম্বে?'-তে দেখা গেছে তাকে।
