২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চলচ্চিত্র শিল্পকে কতটা বদলে দেবে এআই?

“এক দল স্ক্রিপ্টরাইটার মিলে যে কাজ করতে কয়েক সপ্তাহ লেগে যায়, মেশিন সে কাজ করে দিচ্ছে সেকেন্ডের মধ্যে! তার মানে, সামনে চরম বিশৃঙ্খলা নিয়ে আসছে এআই।”

ভারতের চলচ্চিত্র শিল্পকে কতটা বদলে দেবে এআই?

২০২১ সালে এআই ব্যবহার করে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করা হয়েছিল, যেখানে ব্যবহার করা হয়েছিল শাহরুখের চেহারা ও কণ্ঠ।

ঝুমুর সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 11:04 AM

Updated : 07 Jan 2024, 01:53 PM

এরইমধ্যে হলিউডকে কাঁপিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত চিত্রনাট্য লেখকরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন সেখানে। তবে ভারতীয় চলচ্চিত্র শিল্পে এখনও এআইয়ের প্রভাব নিয়ে ততটা আলোচনা ‍শুরু হয়নি। 

ভারতের সিনে বাজার লাখো মানুষের কর্মসংস্থানের জায়গা। বলিউডি নির্মাতাদের কেউ কেউ মনে করছেন, এআই এর ব্যবহার নিয়ে এখনই অত ভয়ের কিছু নেই। আবার আরেকটি পক্ষ মনে করে, এখন থেকেই বিষয়টি নিয়ে ভাবা দরকার। 

পরিচালক শেখর কাপুরের প্রথম চলচ্চিত্র ‘মাসুম’ মুক্তি পায় ১৯৮৩ সালে। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে; যিনি তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানকে গ্রহণ করেছিলেন।

সেই চিত্রনাট্যে পরকীয়া সম্পর্কের রসায়ন আর সামাজিক দৃষ্টিভঙ্গির জটিলতাগুলো সামাল দেওয়া হয়েছিল নিপুণভাবে। দর্শক হৃদয়ে নাড়া দিয়ে গিয়েছিল মাসুমের গল্প।

এত বছর পর সেই সিনেমার সিক্যুয়েল বানাতে গিয়ে শেখর কাপুর সিদ্ধান্ত নিলেন, নতুন চিত্রনাট্য লেখার কাজে তিনি এআই টুল চ্যাটজিপিটি ব্যবহার করে দেখবেন।

গল্পের নৈতিক দ্বন্দ্বের জায়গাটা বুঝে নিয়ে এআই কয়েক সেকেন্ডের মধ্যে যে চিত্রনাট্য লিখে দিল, তা দেখে রীতিমত অবাক হলেন পুরস্কারজয়ী নির্মাতা শেখর কাপুর। 

এআই এর লেখা চিত্রনাট্যে দেখানো হয়েছে, মাসুম সিনেমার সেই শিশুটি বেড়ে উঠছে তার বাবার প্রতি ঘৃণা নিয়ে, যা প্রথম সিনেমার সম্পর্কের রসায়নকে নতুন গল্পে দিয়েছে ভিন্ন মাত্রা।  

এই এক্সপেরিমেন্টের পর শেখর কাপুরের উপলব্ধি, এক দল স্ক্রিপ্টরাইটার মিলে যে কাজ করতে কয়েক সপ্তাহ লেগে যায়, মেশিন সে কাজ করে দিচ্ছে সেকেন্ডের মধ্যে! তার মানে, সামনে চরম বিশৃঙ্খলা নিয়ে আসছে এআই। 

২০১৯ সালের এক প্রতিবেদন বলছে, প্রতি বছর মুক্তি পাওয়া সিনেমার সংখ্যার বিচারে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিই এখন বিশ্বে সবচেয়ে বড়, যেখানে কাজ করছে সাড়ে আট লাখ মানুষ।

ভারতে চলচ্চিত্রের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার শুরু না হলেও বলিউড এর প্রভাবের বাইরে নয়। বিভিন্ন এআই টুল দিনে দিনে আরো দক্ষ হয়ে উঠছে, সেই সঙ্গে ইন্টারনেট ভরে উঠছে রাশমিক মানদানা, আলিয়া ভাটের মত জনপ্রিয় তারকাদের ‘ডিপফেইক’ ভিডিওতে, যেগুলো বানানো হয়েছে এআই ব্যবহার করে। এআই এর এমন ব্যবহার নৈতিক এবং অর্থনৈতিক- দুই ধরনের উদ্বেগই বাড়িয়ে দিচ্ছে।

ডিপফেইক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা কণ্ঠ বিশ্বাসযোগ্যভাবে অন্য কারো মত বদলে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অভিনয় শিল্পী এবং চিত্রনাট্য লেখকদের ধর্মঘটের ফলে হলিউড বেশ কয়েক মাসের জন্য স্থবির হয়ে পড়েছিল গতবছর। আর ওই ধর্মঘটের প্রধান কারণ ছিল টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণে এআই-এর ব্যবহার।

প্রডিউসারস গিল্ড অব ইনডিয়ার সাবেক সভাপতি সিদ্ধার্থ রায় কাপুর বলেন, চলচ্চিত্রে এআই কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে ভারতে এখন পর্যন্ত গোছানো কোনো আলোচনা হয়নি।

“কিন্তু এখন সেই আলোচনা করার সময় হয়ে গেছে। কারণ এআই টুলগুলো আক্ষরিক অর্থেই প্রতি সেকেন্ডে আরো ‘স্মার্ট’ হয়ে উঠছে। এআই নিয়ে এখন আমরা যেখানে আছি, তিন থেকে ছয় মাস পর পরিস্থিতি হবে পুরোপুরি ভিন্ন।”

এআই প্রযুক্তি নিয়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কোথায়?

‘রেডচিলিস ডট ভিএফএক্স’ এর প্রধান পরিচালন কর্মকর্তা খৈতান যাদব এবং চিফ ক্রিয়েটিভ অফিসার হ্যারি হিঙ্গোরানির ভাষায়, শুধু একটা বোতাম চেপে দিলেই সবকিছু তৈরি হয়ে যাবে– সেরকম জায়গায় পৌঁছাতে এআইকে বহুদূর যেতে হবে।

বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রায় দুই দশক আগে ভিজুয়াল ইফেক্টস স্টুডিও ‘রেডচিলিস ডট ভিএফএক্স’ প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালে বক্স অফিসে সাড়া ফেলা শাহরুখের দুই সিনোমা জওয়ান ও পাঠানের ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ এই স্টুডিও থেকেই হয়েছে।

যাদব ও হিঙ্গোরানি বলছেন, ধারণা নেওয়ার জন্য তারা এআই টুল ব্যবহার করে দেখছেন। কিন্তু এআই এর কাজ এখনও ফোর কে রেজোল্যুশনের সিনেমার মানে পৌঁছাতে পেরেছে বলে তাদের মনে হয়নি।

Image

তামিল সিনেমা ‘উইপন’-এ মুখ্য চরিত্রের অভিনেতা সত্যরাজের ছবি এআই টুলে ফেলে অল্প বয়সে ফিরিয়ে নেওয়া হয়েছে।

তবে তামিল সিনেমার পরিচালক গুহান সেন্নিয়াপ্পান সেটা করে দেখানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। তিনি ‘উইপন’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন, যেটি হবে প্রথম ভারতীয় ফিচার ফিল্ম, যার আড়াই মিনিটের একটি সিকোয়েন্স পুরোপুরি এআই দিয়ে তৈরি করা।

তিনি বলেন, "আমরা কাজ করছি একটা অতিমানবীয় কাহিনী নিয়ে, সেখানে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকছে। আমি চেয়েছি গল্প বলার ধরনটা যেন নতুন হয়।”

এ সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা সত্যরাজের ছবি এআই টুলে ফেলে তাকে অল্প বয়সে ফিরিয়ে নেওয়া হয়েছে। আর তাতে বাস্তবের কাউকে দিয়ে কাজটা করানোর চেয়ে কম খরচ পড়েছে বলে জানান সেন্নিয়াপ্পান।

বলিউডের নায়ক-নায়িকাদের মধ্যে প্রথম যারা এআই ব্যবহারের সঙ্গে যুক্ত ছিলেন, শাহরুখ খান তাদের একজন। ২০২১ সালে ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করা হয়েছিল, যেখানে ব্যবহার করা হয়েছিল শাহরুখের চেহারা ও কণ্ঠ।

ক্যাডবেরির ওই বিজ্ঞাপন এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে মহামারীর মন্দার মধ্যে চকলেটের বিক্রি বাড়াতে পাড়া-মহল্লার দোকান মালিকরা শাহরুখের কণ্ঠ ও চেহারা ব্যবহার করতে পারেন।

সেই অ্যাড ক্যাম্পেইনের দায়িত্বে থাকা বিজ্ঞাপনী সংস্থা ওগিলভি ইন্ডিয়ার সুকেশ নায়ক বলেন, ওই প্রচারাভিযানে পুরো ভারতে তিন লাখ বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল।

ওগিলভি ইন্ডিয়া এবং শাহরুখের কোম্পানি সেবার ঘনিষ্ঠভাবে কাজ করেছিল নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে। কেবল নির্দিষ্ট ধরনের দোকানই যাতে এই অ্যাড ক্যাম্পেইনে যুক্ত হতে পারে, তা নিশ্চিত করেছিল তারা।

কিন্তু এআই ব্যবহারের নীতিমালা কী হবে, তা এখনও ভারতীয় আইনে নির্ধারণ করা হয়নি। ফলে এই ক্ষেত্রটি এখন প্রযুক্তির অপব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে আছে বলেই সমালোচকদের ভাষ্য।

বলিউড তারকা অনিল কাপুর তার ছবি, কণ্ঠস্বরসহ যা যা তার নিজস্ব, তার আইনি সুরাক্ষার জন্য গতবছর আদালতের দ্বারস্থ হন। এআই টুল দিয়ে কেউ যাতে বিনা অনুমতিতে তার কণ্ঠ বা ছবি ব্যবহার করতে না পারে, সেই আদেশ তিনি চান। দিল্লি হাই কোর্ট তার পক্ষেই রায় দেয়। অনিলের মতে, আদালতের এই রায় অন্য অভিনেতাদেরও সুরক্ষা দিতে পারে। 

ভ্যারাইটি ম্যাগাজিনকে তিনি বলেন, “কোথও যদি আমার ছবি, কণ্ঠ, জিআইএফ কিংবা ডিপফেইক ব্যবহার হতে দেখি, আমি এখন সরাসরি আদালতের আদেশ দেখিয়ে নোটিস পাঠাতে পারব। তখন তাদের সেগুলো নামিয়ে ফেলতে হবে।” 

কিন্তু এআইয়ের তো ভালো দিকও আছে। অনেকে মনে করেন, এআই যেখানে চলচ্চিত্র নির্মাণের কিছু কাজকে সহজ এবং দ্রুততর করতে পারছে, সেহেতু এই প্রযুক্তি ব্যবহার করাই যৌক্তিক।

রেডচিলিস ডট ভিএফএক্স এর শিল্পা হিঙ্গোরানি বলছেন, এখন তাদের যে কাজগুলো ফ্রেম ধরে ধরে করতে হয়, ক্লায়েন্টকে একটি নমুনা দেখাতেও অনেক সময় লেগে যায়, এআই ব্যবহার করে তা এক অল্প সময়ে করা যায়, যা দেখে তিনি চমৎকৃত।

আর খৈতান যাদব বলেন, কোনো কাজের সময় যদি কমিয়ে আনা যায়, সেই কাজ অনেকটা সহজ হয়ে যায়।

কিন্তু কাজের মান? সৃষ্টিশীলতার ক্ষেত্রে এআই এর কাজের মান কি মানুষের চেয়ে ভালো?

‘উইপন’ সিনেমার পরিচালক গুহান সেন্নিয়াপ্পান বলছেন, যদি তার হাতে পর্যাপ্ত বাজেট আর সময় থাকত, এইআই ব্যবহার করে ভিডিও সিকোয়েন্স না বানিয়ে তিনি লাইভ অ্যাকশন শুট করতেন।

“এআই চমৎকার। কিন্তু লাইভ-অ্যাকশন বা অ্যানিমের মত এটা জীবন্ত হয় না, কারণ অভিনয়শিল্পীরা সেখানে বাস্তবে অভিনয় করেন না, কিংবা চরিত্রগুলো হাতে আঁকা হয় না।”

চ্যাটজিপিটির অল্প সময়ে চিত্রনাট্য লেখার ক্ষমতা দেখে মুগ্ধ হলেও সেন্নিয়াপ্পানের সঙ্গে একম নির্মাতা শেখর কাপুর।

তিনি বলেন, “নিজেকে আমি জিজ্ঞেস করেছি, কে বেশি স্মার্ট, এআই না আমি। উত্তর হল– ‘আমি’।”

এআইয়ের যে নিজস্ব মনন নেই, সে কথা মনে করিয়ে দিয়ে শেখর কাপুর বলেন, “যেটুকু তথ্য ভাণ্ডারে থাকে, তার ওপর ভিত্তি করেই এআই কাজ করে। এআই রহস্য তৈরি করতে পারে না, ভয় কিংবা ভালোবাসার অনুভূতিকে জীবন্ত করে তুলতে পারে না।”

তবে তার মতে, এআই হয়ত চলচ্চিত্র শিল্পের বর্তমান কাঠামো ভেঙে আরো বেশি গণতন্ত্র আনতে পারবে।

“এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ যদি সবার থাকে, তাহলে প্রাতিষ্ঠানিক পদবিন্যাস আর কাজ করবে না। নিজের মত করে গল্প বলার একটা সুযোগ সবারই থাকবে।”