২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে দনিয়া স্টুডিও থিয়েটারের প্রথম প্রযোজনা ‘কথন: ছিন্নভিন্ন ইতিহাস’

শনি ও রোববার সন্ধ্যা সোয়া ৭টায় দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 05:16 PM

Updated : 20 Jul 2023, 05:16 PM

দনিয়া স্টুডিও থিয়েটারের মঞ্চে আসছে নতুন নাটক ‘কথন: ছিন্নভিন্ন ইতিহাস’।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ উপন্যাসকে নাট্যরূপ দিয়েছেন দনিয়া পাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।

নির্দেশনা দেয়ার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন তিনি।

শনি ও রোববার সন্ধ্যা সোয়া ৭টায় দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হবে। এটি দনিয়া স্টুডিও থিয়েটারের প্রথম প্রযোজনা।

মোহাম্মদ শাহনেওয়াজ গ্লিটজকে বলেন, “১৯৭১ সালে খুলনা শহরে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ফুটে উঠেছে এ নাটকে। মহাকাল নাট্য সম্প্রদায়, কথক থিয়েটার এবং দনিয়া পাঠাগারের সকলের সহায়তায় এই নাটক মঞ্চস্থ হবে।”

দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে যাত্রা শুরু করে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এ মিলনায়তনটি উদ্বোধন করেন।

এই মিলনায়তনটি রাজধানীর নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করে। ইতিমধ্যে কয়েকটি নাট্য উৎসব হয়েছে এই মিলনায়তনে।

মঞ্চনাটককে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই দনিয়া স্টুডিও মিলনায়তনটি করা হয়েছে বলে জানান শাহনেওয়াজ।

‘কথন: ছিন্নভিন্ন ইতিহাস’ নাটকটিও করা হয়েছে কেবলমাত্র দনিয়া স্টুডিও থিয়েটার হলের জন্যই।

শাহনেওয়াজ বলেন, “এ নাটকটি শুধুমাত্র দনিয়া স্টুডিও মিলনায়তনেই হবে। রাজধানীর নাট্যচর্চা কেবল শিল্পকলা একাডেমিকেন্দ্রিক, সেই বৃত্তটি ভাঙতে চাই আমরা। শিল্পচর্চা শুধু শিল্পকলায় নয়, ছড়িয়ে যাক সারাদেশে।”