১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসারে গলা চড়াবেন নারীই, পুরুষ নয়: রানি মুখার্জি

সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্র দিয়ে আবার রুপালি পর্দায় ফিরছেন তিনি।

সংসারে গলা চড়াবেন নারীই, পুরুষ নয়: রানি মুখার্জি
রানি মুখার্জি। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 01:42 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

বলিউডি অভিনেত্রী রানি মুখার্জির মনে করেন সংসারের ঘরের মধ্যে উঁচু গলায় কথা বলার অধিকার থাকা উচিত কেবল নারীদেরই; পুরুষদের সে পথে যাওয়া উচিত নয়। 

অভিনেত্রীর মতে, বাবা–মায়ের পারস্পরিক আচরণ সন্তানের মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে।  

শুক্রবার মুক্তি পেয়েছে রানী অভিনীত সিনেমা 'মারদানি ৩'। সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্রে ফিরছেন তিনি। 

সিনেমার প্রচারে গিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের তিন দশকের বেশি সময়ের যাত্রাপথের নানা অধ্যায়ের গল্প বলেছেন। কখনও নিজের মেয়েকে নিয়ে কথা বলেছেন, কখনও আবার তার সঙ্গে স্বামী আদিত্য চোপড়ার রসায়ন নিয়েও কথা বলেছেন।

বলিউড হাঙ্গামাকে রানি বলেন, "সন্তানের আচরণ গড়ে ওঠে পরিবারে দেখা অভিজ্ঞতা থেকে। সম্মান শুরু হয় ঘর থেকেই। মা যদি ঘরে অসম্মানিত হন, তাহলে ছেলেদের মনে হতে পারে মায়ের সঙ্গে এমন করা গেলে অন্য মেয়েদের সঙ্গেও তা করা যায়। বাবাদের দায়িত্ব আছে, তারা স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করছেন, কারণ সেটাই ছেলেরা বড় হতে হতে দেখে।” 

তিনি আরও বলেন, "মা যদি সম্মান পান এবং তার মর্যাদা রক্ষা করা হয়, তাহলে ছেলেরাও সমাজে নারীদের সেই সম্মান ও ‘দরজা’ দিতে শেখে।" 

নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রায়ই সরব হন রানি। রানির ভাষ্য, “এক জন পুরুষের কখনওই তার স্ত্রীর উপরে চিৎকার করা উচিত নয়। বরং এক জন নারী তার কণ্ঠ ছাড়তে পারেন।”

২০১৪ সালে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানি। স্বামীকে নিয়ে অভিনেত্রী বলেন, "ওর সরলতাই আমাকে সবচেয়ে বেশি টানে। ও খুব সহজ ও বিনয়ী মানুষ। আমাদের সম্পর্কের শক্তিটাও এখানেই।" 

‘মারদানি’ সিনেমার তৃতীয় কিস্তিতে পাচার চক্রের হাত থেকে শিশু কন্যাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে রানিকে।

চিত্রনাট্যে দেখাবে, শহর ও গ্রামের বিভিন্ন জায়গা থেকে একাধিক মেয়ে অপহরণ হয়, এই অপরাধচক্রের খোঁজ দেওয়ার দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের উপর।

রহস্য উদঘাটন করতে গিয়ে একটি ভয়ংকর অপরাধচক্রের খোঁজ পান শিবানি। তদন্ত এগোতে থাকলে শিবানির সামনে আসে ‘আম্মা’ নামের এক নির্মম ও প্রভাবশালী নারীর পরিচয়, যিনি শিশু ও কম বয়সী মেয়েদের লক্ষ্য করে একটি ভিক্ষুক মাফিয়া দলের নেতৃত্ব দেন।

এই আম্মার হাত থেকে নিরপরাধ প্রাণ রক্ষায় জীবন বাজি রেখে শিবানির লড়াই এগিয়ে যায়। 

'আম্মা 'চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মাল্লিকা প্রসাদ। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে আছেন জানকি বোদিওয়ালাকে।

‘মারদানি ৩’ এর চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত এবং পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। এবারের কিস্তিও যশ রাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

সিনেমার প্রথম দুই কিস্তিতে নারী নির্যাতনের গল্প উঠে আসে। ‘মারদানি’ সিনেমায় ছিল নারী পাচারকারী চক্রের বিরুদ্ধে শিবানীর লড়াই এবং ‘মারদানি টু’-তে তার অভিযান দেখা গেছে একজন সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে।

দুই চিত্রনাট্যেই নারীর সাহস ও ক্ষমতা তুলে ধরে রানির অভিনয়। এই ফ্যাঞ্চাইজি অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে ধরে নেওয়া হয়।

সিনেমাটি নিয়ে এর আগে রানি মুখার্জি বলেছিলেন, "এটি একটি ‘এজ-অফ-দ্য-সিট থ্রিলার’, যা হবে অন্ধকার, প্রাণঘাতী এবং নিষ্ঠুর।”

আরও পড়ুন:

রানি মুখার্জি এবার আসছেন শিশু পাচার ঠেকাতে