১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রানি মুখার্জি এবার আসছেন শিশু পাচার ঠেকাতে

“৩০ জানুয়ারি আপনার কাছের প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে উদ্ধার অভিযান।"

রানি মুখার্জি এবার আসছেন শিশু পাচার ঠেকাতে
‘মারদানি ৩’ সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 09:39 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির বহুল প্রতীক্ষিত ‘মারদানি’ সিনেমার তৃতীয় কিস্তির ট্রেইলার প্রকাশ্যে এসেছে।  

এবারের পাচার চক্রের হাত থেকে শিশু কন্যাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়তে দেখা যাবে রানি মুখার্জিকে। 

এনডিটিভি লিখেছে, ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেইলারে ফের সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের চরিত্রে ফিরেছেন রানি।  

ট্রেইলারের ভিডিওর শুরুতে দেখা গেছে, শহর ও গ্রামের বিভিন্ন জায়গা থেকে একাধিক মেয়ে অপহরণ হয়, এই অপরাধচক্রের খোঁজ দেওয়ার দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের উপর। 

রহস্য উদঘাটন করতে গিয়ে একটি ভয়ংকর অপরাধচক্রের খোঁজ পান শিবানি। তদন্ত এগোতে থাকলে শিবানির সামনে আসে ‘আম্মা’ নামের এক নির্মম ও প্রভাবশালী নারীর পরিচয়, যিনি শিশু ও কম বয়সী মেয়েদের লক্ষ্য করে একটি ভিক্ষুক মাফিয়া দলের নেতৃত্ব দেন। 

এই আম্মার হাত থেকে নিরপরাধ প্রাণ রক্ষায় জীবন বাজি রেখে শিবানির লড়াই দেখা গেছে সিনেমার ট্রেইলারে।

'আম্মা 'চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মাল্লিকা প্রসাদ। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন জানকি বোদিওয়ালাকে।   

‘মারদানি ৩’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত এবং পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। এবারের কিস্তিও যশ রাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। 

সোশাল মিডিয়ায় সিনেমার পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা দিয়েছে যশ রাজ ফিল্মস। 

ক্যাপশনে লিখেছে, "যতক্ষণ না সবাইকে উদ্ধার করছেন, ততক্ষণ তিনি থামবেন না! রানি মুখার্জি নির্ভীক পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় হিসেবে ফিরে আসছেন ‘মারদানি ৩’ সিনেমায়। ৩০ জানুয়ারি আপনার কাছের প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে উদ্ধার অভিযান।"

সিনেমার প্রথম দুই কিস্তিতে নারী নির্যাতনের গল্প উঠে এসেছে। ‘মারদানি’ সিনেমায় ছিল নারী পাচারকারী চক্রের বিরুদ্ধে শিবানীর লড়াই এবং ‘মারদানি টু’-তে তার অভিযান দেখা গেছে একজন সিরিয়াল ধর্ষকের বিরুদ্ধে।

দুই চিত্রনাট্যেই নারীর সাহস ও ক্ষমতা তুলে ধরে রানির অভিনয়। এই ফ্যাঞ্চাইজি অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে ধরে নেওয়া হয়। 

সিনেমাটি নিয়ে এর আগে রানি মুখার্জি বলেছিলেন, "এটি একটি ‘এজ-অফ-দ্য-সিট থ্রিলার’, যা হবে অন্ধকার, প্রাণঘাতী এবং নিষ্ঠুর।”