পাপারাজ্জিদের আচরণে বিরক্ত রানিকন্যা আদিরা
ছয় বছরের আদিরা আলোকচিত্রী দেখলেই বলে ওঠে- ‘ছবি তুলবে না’।
পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনের এক আচরণ নিয়ে তুমুল আলোচনার মধ্যে রানি মুখার্জি জানালেন, তার ছয় বছরের মেয়ে আদিরা চোপড়াও সাংবাদিকদের অতি উৎসাহে বিরক্ত।
আলোকচিত্রীদের দেখলেই আদিরা ‘ছবি তুলবে না’ এমন কথা বলে ওঠেন বলে সম্প্রতি একটি নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন রানি।
২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধা রানির একমাত্র সন্তান আদিরা। সন্তানকে সচেতনভাবেই প্রচারের আড়ালে রাখতে চান এই বলিউড তারকা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাৎকারে রানি বলেন, আদিরা পাপ্পারাজিদের দেখলেই বিরক্ত হয়। আলোকচিত্র দেখলেই সে চিৎকার করে বলে ওঠে ‘ছবি তুলবে না’।
এই অভিনেত্রী বলেন, স্বভাবে অকপট আদিরা। তার জন্য ‘হ্যাঁ’ মানে ‘হ্যাঁ’ এবং ‘না’ মানে ‘না’ এবং তা পরিবর্তন করা বেশ কঠিন।
সাক্ষাতকারে রানি একটি ঘটনা স্মরণ করে বলেন, একবার বিমানবন্দরে আলোকচিত্রীরা তাদের ছবি তুলতে থাকলে গাড়িতে ওঠার পর আদিরা তাদের ‘পচা মানুষ’ বলেছিল। ছবি তোলাও কারণও মাকে জিজ্ঞাসা করেছিল। তখন রানি মেয়েকে বলেছিলেন, কারণটি তারও জানা নেই।
সম্প্রতি পাপারাজ্জিদের ছবি তোলা দেখে ক্ষিপ্ত হয়েছিলেন জয়া বচ্চন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তার ব্যক্তিগত জীবনে এমন অনুপ্রবেশ তার একেবারে পছন্দ না।
