অস্কারের ‘রেড কার্পেট’ আর লাল থাকছে না
“সবকিছুতে কেন তাদের বিশৃঙ্খলা ঘটাতে হবে? আমাদের এই লাল কার্পেট রয়েছে ছয় দশক ধরে।”
আকাশের রঙ যেমন নীল, ঘাসের রঙ সবুজ, অস্কারের গালিচার রঙও তেমনি লাল। ছয় দশকের রেওয়াজের যতি টেনে বিশ্ব চলচ্চিত্রের সবথেকে মর্যাদাপূর্ণ এই আসরের কার্পেটের রঙ বদলে যাচ্ছে এবার।
টিনসেলটাউনের তারকাদের পদতলে এবার সেই লাল গালিচা আর শোভা পাবে না, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৫তম আসরে কার্পেপের রঙ হবে শ্যাম্পেন রঙা।
এবারের আসরের উপস্থাপক জিমি কিমেল বৃহস্পতিবার অস্কারের কার্পেটের রঙ বদলের খবর দেন। বিষয়টি নিয়ে রসিকতা করে এই টেলিভিশন উপস্থাপক বলেন, অস্কারের গত আসরের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে হলিউড তারকা উইল স্মিথের চড়ের কারণেই হয়ত কার্পেট বদলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
কিমেলের ভাষায়, “আমি মনে করি রেড কার্পেটের বদলে শ্যাম্পেন কার্পেটের সিদ্ধান্তটি আসলে আত্মবিশ্বাসের প্রকাশ। যেন বলা হচ্ছে- দ্যাখো, কোনো রক্তের ছোপ আমরা লুকাচ্ছি না।”
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অস্কারের এই কার্পেটকে আয়োজকরা এবার অনুজ্জ্বল বা হালকা রঙের করতে চেয়েছেন; যেমনটা সূর্যাস্তের সময় সৈকতে আভা ছড়ায়।
১৯৬১ সাল থেকে হলিউড তারকারা অস্কার আসরে লাল গালিচায় হেঁটে আসছেন। এবারই তার ব্যতিক্রম হতে যাচ্ছে।
আয়োজকদের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ৯০০ ফুট দীর্ঘ সেই হালকা বাদামি কার্পেট ঘিরে থাকবে কমলা রঙের পর্দা, যার ডিজাইন করা হয়েছে আসরের ‘আভিজাত্যের’ জন্য।
কনসালটেন্ট লিসা লাভ বলছেন, সাদা বালুকাময় সৈকতে সূর্যাস্তের সময় শ্যাম্পেন ভর্তি গ্লাসে যে আভা তৈরি হয়, সেটি থেকেই শ্যাম্পেন কালার কার্পেটের ধারণা, যেটা কোমল ও শান্তির আবহ তৈরি করে।
তবে এই ধারণার সঙ্গে একমত নন আয়োজকদের অনেকে। অস্কার অ্যাকাডেমির এক সদস্য ডেইলি মেইলকে বলেন, “সবকিছুতে কেন তাদের বিশৃঙ্খলা ঘটাতে হবে? আমাদের এই লাল কার্পেট রয়েছে ছয় দশক ধরে। এটা গ্ল্যামারের অংশ। হালকা বাদামি বা শ্যাম্পেন কালার বিরক্তিকর।”
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে পর্দা উঠছে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের।
এবার পুরস্কার দৌড়ে কারা রয়েছেন সেই তালিকাও ইতোমধ্যে পেয়ে গেছে বিশ্ব। আর মাত্র কয়েক ঘণ্টা পরই জানা যাবে, কারা হাসবেন বিজয়ীর হাসি।
আরও পড়ুন-
