‘ভুয়া ভিডিওর’ খপ্পড়ে এবার আলিয়া
সোশাল মিডিয়া ব্যবহারকারীরা আলিয়ার ভুয়া ভিডিও দেখে এআই এর অপব্যবহার বন্ধে সোচ্চার হয়েছেন।
এবার ‘ডিপফেইক’ ভিডিওর শিকার হয়েছেন বলিউডি নায়িকা আলিয়া ভাট। বলিউডের প্রভাবশালী পরিবারের এই পুত্রবধূর ওই ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহার করে তৈরি এসব ভিডিও সোশাল মিডিয়ায় নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা, ক্যাটরিনা কাইফ, কাজলের পর এবার আলিয়ার ভুয়া ভিডিও ভাইরাল হল।
আলিয়ার ভিডিওতে দেখা গেছে, একটি মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ‘অশ্লীল ইঙ্গিত’ করছেন। প্রথম দেখায় মেয়েটির মুখের আদল আলিয়ার মত লাগলেও ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়, ভিডিওর নারী আসলে আলিয়া নন। অন্য কোনো নারীর শরীরে আলিয়ার মুখ বসিয়ে দেওয়া হয়েছে সম্পাদনা করে।
সোশাল মিডিয়া ব্যবহারকারীরা এ ভিডিও দেখে এআই এর অপব্যবহার বন্ধে সোচ্চার হয়েছেন।
একজন লিখেছেন, “বারবার ঘটছে এসব, এটা আমাদের জন্য লজ্জার। প্রযুক্তির এমন অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।“
“অপরাধীদের অবশ্যই থামানো উচিত,” লিখেছেন আরেকজন।
ভারতীয় সিনেমার নায়িকাদের মধ্যে ‘ডিপফেইক’ ভিডিওর প্রথম শিকার রাশমিকা। ওই ভিডিওতেও রাশমিকাকেও আলিয়ার মত অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এছাড়া ভিডিওতে রাশমিকার মত দেখতে ওই নারীকে যে পোশাকে দেখা যায়, সাধারণত তেমন পোশাক পরতে দেখা যায় না দক্ষিণী এই অভিনেত্রীকে। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারসাজির শিকার হয়েছেন রাশমিকা।
সে সময় মাইক্রো ব্লগিং সাইটে এক্সে দীর্ঘ পোস্টে এ নায়িকা বলেছিলেন, “এ ধরনের ভিডিও কেবল আমার জন্য নয়, সবার জন্য বিপজ্জনক। এই ঘটনাটি যদি আমার স্কুল বা কলেজ জীবনে ঘটত, নিজেকে সামলাতে পারতাম কী না ভাবতে ভয় হচ্ছে।“
রাশমিকার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু কোনো অপরাধীকে আটকের খবর আসেনি সংবাদ মাধ্যমে।
রাশমিকার ঘটনায় দারুণ চটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি রেখেছিলেন তিনি।
গত বছর ‘গুডবাই’ সিনেমাটি দিয়ে বলিউডে অভিনয় শুরু হয় রাশমিকার মানদানার। ওই সিনেমায় অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণের এই অভিনেত্রী।
রাশমিকার পর ক্যাটরিনা কাইফের একটি ভুয়া ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ‘টাইগার থ্রি’ সিনেমার ট্রেইলারের দৃশ্য থেকে ক্যাটরিনার স্নান পোশাকের ছবি নিয়ে সেটি এআইয়ের সহায়তায় ‘বিকৃত করে’ সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় সাইবার অপরাধীরা।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ক্যাটরিনার অনুরাগীরা। কিন্তু ক্যাটরিনার ঘটনাতেও কেউ ধরে পড়েছেন বলে জানা যায়নি।
একই ধরনের ঘটনা ঘটেছে কাজল, শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার এবং শিল্পপতি রতন টাটার ক্ষেত্রেও।
কিছুদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ ধরেনর সাইবার অপরাধের বিরুদ্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে তাগিদ দেন।
