Published : 10 Apr 2024, 09:31 PM
সতীশচন্দ্র গোসাঁই এর কথা ও সুরে জনপ্রিয় লোকগান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবার এল পাভেল আরিনের সংগীত পরিচালনায়।
ঈদ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭টায়, অর্থাৎ চাঁদ রাতে লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
ইমরান বলেন, “এ গানটি খুবই প্রচলিত একটি গান। কিন্তু আমাকে যেভাবে গানটি গাওয়ানো হয়েছে, তা একটু অন্যরকম। যেহেতু এ জনরাটা আমার না, আমাকে নতুনভাবে এ জনরায় শ্রোতারা পাবেন। পাভেল ভাই গানটির কম্পোজিশান এত সুন্দর করে করেছেন, যা এখনো শ্রোতারা শোনেনি এভাবে।”
‘লিভিং রুম সেশান’ নিয়ে যাত্রার শুরু থেকেই একের পর এক বাংলাগানের পুরোধা শিল্পী ও সাধকদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন পাভেল আরিন।
‘পিরিতি কাঁঠালের আঠা’ গানটি নিয়ে তিনি বলেন, “‘লিভিং রুম সেশান’ চায়, আমাদের শেকড়ের গানগুলোর সঠিক সুর অক্ষুণ্ণ রেখে নতুন প্রজন্মের কাছে তাদের উপযোগী করে প্রকাশ করতে। তারই ধারাবাহিকতায় ইমরান এ গানটি গাইলেন। পরিচিত ইমরানের বাইরে অন্য এক ইমরানকে শোনার একটি দারুণ অভিজ্ঞতা শ্রোতাদের হবে বলে আশা করছি।”