ঈশানের নতুন গান 'মনে বৃষ্টি'
গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই।
নভেম্বরের বৃষ্টি আর মনের বিষণ্নতাকে এক সুতোয় বেঁধে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার; গানের শিরোনাম 'মনে বৃষ্টি'।
‘রাতের বেলায় চাঁদের ছায়া, পড়ছে মনে লাগছে মায়া, বিরহ আজ কম পড়ে যায়, যখন সবাই ঘুম, মনে বৃষ্টি নামে ঝুম’—এমন কথায় গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই।
প্রযোজনায় যুক্ত ছিলেন জুনায়েদ দেওয়ান সৌরভ এবং অ্যানিমেটেড ভিডিও নির্মাণ করেছেন পার্থ দিবস চৌধুরী।
ঈশান বলেন, এটি কোনো এক মন খারাপের রাতে বানানো গান। হঠাৎ এক বৃষ্টির রাতে গানটি রিলিজ করার পরিকল্পনা ছিল। আর গানটি প্রকাশের দিন বৃষ্টির আবহাওয়া থাকায় তার মনে হয়েছে, গানটি রিলিজ করার উপযুক্ত সময় এটিই।
ঈশানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে।
গেল অক্টোবরে প্রকাশ পেয়েছিল এই শিল্পীর ‘ধূপ’ শিরোনামের একটি গান। চলতি বছরের জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ গানটি প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়।
সুনিধি নায়েকের সঙ্গে তার গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৭৪ মিলিয়ন ভিউ পেরিয়েছে।
‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’ থেকে গেল বছরের ‘গুলবাহার’ একের পর এক গানে পরিচিতি পেয়েছেন ঈশান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রচার হয় এই শিল্পীর ‘যাব যাব মন’ গানটি।
ঈশান জানিয়েছেন, আরও কয়েকটি গান রেকর্ড করেছেন তিনি। গানগুলো ধারাবাহিকভাবে ভিডিওচিত্রে প্রকাশ করা হবে।
