১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অমিতাভকে ভাবাচ্ছে কলকাতা

“কলকাতায় মধ্যরাতে রাজপথের ভিড়, গির্জায় প্রার্থনা, এই সব কিছু মনে করে নস্টালজিক হয়ে পড়ছি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

বড়দিন ঘিরে উৎসবের এই সময়ে কলকাতা নিয়ে নস্টালজিক হয়ে পড়েছেন বলিউডের তারকা অমিতাভ বচ্চন। যে শহর এক সময়ে জীবিকার আশ্রয় হয়েছিল এই অভিনেতার, সেই শহর তার ভাবনায় ভর করেছে উৎসবের আমেজে। 

প্রতিবছরের মত এবারও কলকাতার পার্কস্ট্রিট সেজেছে বড়দিনের উৎসবের আলোয়। বিভিন্ন গির্জায় আলোর রোশনাইয়ে আলোকিত হয়েছে পথঘাট।

অমিতাভ তার ব্লগে কলকাতাকে স্মরণ করে লিখেছেন, “বড়দিনের অনেক শুভেচ্ছা। সকলের জীবন সুখ, সমৃদ্ধি ও খুশিতে ভরে উঠুক, এই কামনা করি। কলকাতার কথা খুব মনে পড়ছে। বড়দিন ঘিরে কয়েকদিন কলকাতায় মধ্যরাতে রাজপথের ভিড়, গির্জায় প্রার্থনা, এই সব কিছু মনে করে নস্টালজিক হয়ে পড়ছি। সিনেমার দুনিয়ায় পা রাখার আগে সেখানেই দিন কাটিয়েছি। নস্টালজিয়ায় ভাসছি।’’

টাইমস অব ইন্ডিয়া বলছে, কলকাতার সঙ্গে অমিতাভ নাড়ির টান অনুভব করেন, এ কথা নিজেই বলেছেন কয়েকবার। ‘দো আনজানে’, ‘ইয়ারানা’, ‘বারসাত কি এক রাত’, ‘দ্য লাস্ট লিয়ার’, পিকু’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং তিনি করেছেন কলকাতায়। 

এছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন কয়েক বছর আগে। কলকাতার বিশ্বখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ।

পশ্চিমবঙ্গের আরেক প্রখ্যাত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও ছিল অমিতাভের বন্ধুত্ব। ঋতুপর্ণকে তিনি মনে করতেন ভারতের অন্যতম ‘প্রতিভাধর নির্মাতাদের একজন’। প্রয়াত এই পরিচালকের ‘দ্য লাস্ট লিয়ার’ সিনেমায় অভিনয় করেন অমিতাভ।

বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভের জীবন সিনেমার মতই নাটকীয়।

কলকাতায় ‘বার্ড অ্যান্ড হিলজার্স’, পরে ‘ব্লাকার্স’ নামের একটি শিপিং কোম্পানিতে কাজ করতেন তিনি। ভালো বেতনও পেতেন। ৩০০ রুপির পেয়িং গেস্ট হিসেবে চৌরঙ্গী, টালিগঞ্জ, বালিগঞ্জ, আলিপুর, রাসেল স্ট্রিটসহ থেকেছেন কলকাতার নানা জায়াগায়। 

অমিতাভ কলকাতায় থিয়েটারও করতেন। কিন্তু নিজের ভেতর আরও বড় কিছু করার তাগিদ বাড়ছিল তার। তারপর বড় কিছু করার স্বপ্নের আশায় একদিন ট্রেনে চেপে বসেছিলেন মুম্বাইয়ের পথে। সঙ্গে ছিল নিজের সামান্য সঞ্চয় আর একরাশ আশা।

চেনা অমিতাভ অদেখা ছবিতে