২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিক কর্মচারী ইউনিয়নের নাটক 'টাকার রঙ কালো'

মান্না দের গাওয়া বিখ্যাত সেই 'কফি হাউজ' গানেও এসেছে ‘অফিসের সোশালে, অ্যামেচার নাটকে’ রমা রায়ের অভিনয় করার গল্প। তবে সময় এখন অনেকটাই পালটে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 02:04 PM

Updated : 07 Mar 2024, 02:04 PM

দিবস উদযাপনের অংশ হিসেবে আফিস আয়োজনে নাটক মঞ্চায়নের হারানো চর্চা ফিরিয়ে আনল বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

বুধবার বেইলি রোডের গাইড হাউজ মিলনায়তনে মঞ্চস্থ হল তাদের নাটক 'টাকার রঙ কালো'।সুনীল চক্রবর্তী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শেখ মো. আব্দুল হক।

এক সময় বিভিন্ন দিবস উদযাপনের অংশ হিসেবে নাটক হত অফিসে পাড়া আর শিক্ষা প্রতিষ্ঠানে। ৭ মার্চ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম অনুসঙ্গ ছিল নাটক।

মান্না দের গাওয়া বিখ্যাত সেই 'কফি হাউজ' গানেও এসেছে ‘অফিসের সোশালে, অ্যামেচার নাটকে’ রমা রায়ের অভিনয় করার গল্প। তবে সময় এখন অনেকটাই পালটে গেছে। দিবস উদযাপনে অফিস আয়োজনে নাটক করার খবর এখন খুব একটা দেখা যায় না।

বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক এর পরিচালক (অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস।

তিনি বলেন, “দেশের আর্থ-সামাজিক পরিবর্তনের জন্য নাটক একটি বড় হাতিয়ার। তিন যুগেরও বেশি সময়ের ঐতিহ্যকে ধারণ করে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন 'টাকার রঙ কালো' নাটকটির মঞ্চায়ন করেছে। এটি একটি বস্তনিষ্ঠ ও যুগান্তকারী উদ্যোগ।

“নাটক হচ্ছে সমাজের দর্পণ। ইতিহাস-ঐতিহ্য, প্রকৃতি, সমাজ সভ্যতা, রাজনীতি ছাড়াও অর্থনীতির ভালো-মন্দের প্রতিটি ক্ষেত্রকে ফুটিয়ে তোলা হয় নাটকের চরিত্র রূপায়নের মাধ্যমে।"

বিটিআই এর অধ্যক্ষ মো. শফিকুল আলম বলেন, "‘টাকার রঙ কালো’– এই নাটকের মাধ্যমে মূলত বর্তমান যুগের সামাজিক অবক্ষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”

বিসিক কর্মকর্তা সমিতির সভাপতি অখিল রঞ্জন তরফদার বলেন, "ডিজিটাল যুগের হাজারো কর্মব্যস্ততার মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদনের নিরিখে নাটকটি আমাদের মত কর্মজীবী মানুষের জন্য তাৎপর্যপূর্ণ।"

সভাপতির বক্তব্যে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মো. আমির হোসেন বলেন, "সামাজিক আন্দোলনের অংশ হিসিবে এবং ইট পাথরের সমাজে চিত্তবিনোদের জন্য নাটকটির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কর্মজীবনে শত ব্যস্ততার মাঝে কিছুটা আনন্দ পাওয়া সম্ভব হবে এটাই আমাদের প্রচেষ্টা।"

অন্যদের মধ্যে বিসিক এর পরিচালক (প্রশাসন) শ্যামলী নবী, কাজী মাহবুবুর রশীদ, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ভুঁইয়া বক্তব্য দেন।