১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কর্মসংস্থান সৃষ্টিতে নতুন চালিকাশক্তি হতে চায় বিসিক

সাতটি খাতের ৪৩টি প্রতিষ্ঠান চট্টগ্রামে বিসিকের চাকরি ও ক্যারিয়ার মেলায় অংশ নিচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টিতে নতুন চালিকাশক্তি হতে চায় বিসিক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দিনব্যাপী চাকরি ও ক্যারিয়ার মেলার আয়োজন করেছে বিসিকের আঞ্চলিক কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 03:35 PM

Updated : 13 Oct 2026, 03:35 PM

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্মসংস্থান সৃষ্টিতে নতুন চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান বেনজীর আহমেদ।

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ‘বিসিক জব অ্যান্ড ক্যারিয়ার ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, “বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বিসিক।

“এ লক্ষ্যে শিল্পনগরীর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই মেলা আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, বিসিক উদ্যোক্তা তৈরি করে। প্রতিষ্ঠানটির ধারণা অনেক পুরনো হলেও আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী শিল্পনগরীগুলোর কর্মকাণ্ড যুগোপযোগী করা হচ্ছে।

“অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের কর্মসংস্থান বৃদ্ধি করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

বিসিক চেয়ারম্যান বলেন, “মেলা ও জব ফেয়ারের মত উদ্যোগ বাড়ানোর মাধ্যমে বিসিক সরকারি পর্যায়ে দেশীয় অর্থনীতির নতুন চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে।”

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আমিরুল হক অনুষ্ঠানে বলেন, সরকারি খাত থেকেও জব ফেয়ারের মত আয়োজন একেবারেই নতুন একটি ধারণা।

“বিসিকের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে কাজ করা প্রতিষ্ঠান ভবিষ্যতে এ ধরনের যে কোনো উদ্যোগ নিলে তা বাস্তবায়নে সহযোগিতা করবে চিটাগাং চেম্বার।”

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “দেশে লাখ লাখ বেকার রয়েছে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় সরকার। বিসিকের জব ফেয়ার সেই উদ্যোগেরই প্রতিফলন।

“বিসিক দেশের অনেক সফল শিল্পগ্রুপের জন্ম দিয়েছে। ছোট-বড় শিল্পগ্রুপগুলো এগিয়ে এলে কর্মসংস্থান বাড়বে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।”

বিসিকের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থীদের সংযোগ স্থাপন, সরাসরি জীবনবৃত্তান্ত জমা, সাক্ষাৎকার এবং তাৎক্ষণিক নিয়োগের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি চাকরিপ্রার্থীদের ক্যারিয়ারবিষয়ক পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

বস্ত্র ও বস্ত্রজাত পণ্য, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ওষুধ, প্যাকেজিং, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য এবং রাসায়নিক শিল্পসংশ্লিষ্ট খাতসহ সাতটি খাতের ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ মেলায়।

এসব প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের পাশাপাশি চাকরিপ্রার্থীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে আয়োজকদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদ। অন্যদের মধ্যে বিসিকের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ কামরুজ্জামান এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি লুৎমিলা ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেলায় চাকরিপ্রার্থীদেরও ভিড় দেখা গেছে। একই স্থানে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেওয়া ও যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।