২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় ‘রয়েসয়ে’ চঞ্চল

“সিনেমায় আসার পর দর্শকদের যে গ্রহণযোগ্যতা পেয়েছি সেটা হারাতে চাই না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 07:31 PM

Updated : 05 Oct 2023, 07:31 PM

দুই বাংলা মিলিয়ে এখন মহাব্যস্ত চঞ্চল চৌধুরী। বিশেষ করে ওপার বাংলা থেকে কাজের প্রস্তাব আসছে স্রোতের মত।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ এ অভিনয় করেছেন চঞ্চল। পাশাপাশি কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘গণদেবতা’য় অভিনয় করার কথা তার। টলিপাড়া থেকেও একের পর এক কাজের প্রস্তাব আসছে চঞ্চলের কাছে।

কিন্তু চঞ্চল পা ফেলছেন বুঝেশুনে। কেন, সেই কারণা জানিয়েছেন নিজেই।

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ ভারতে আত্মপ্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় অল্প সময়ের জন্য উড়ে গিয়েছিলেন ‘হাওয়া’ তারকা।

সেখানেই চঞ্চল বলেন, “আসলে এই মুহূর্তে আমি একটু বেছে কাজ করতে চাই। কারণ, কেরিয়ারের শুরুতে আমি বাংলাদেশে টিভিতে চুটিয়ে অভিনয় করেছি। তারপর সিনেমায় আসার পর দর্শকদের যে গ্রহণযোগ্যতা পেয়েছি সেটা হারাতে চাই না। একটা মানদণ্ড বজায় রাখতে চাই।”

অভিনেতার ভাষ্য, ‘হাওয়া’ মুক্তির পরই টলিপাড়া থেকে ঘন ঘন কাজের প্রস্তাব পাচ্ছেন।

“মধ্যমমানের কাজ বেশি হলে দর্শক আর আমার দিকে ঘুরেও তাকাবে না,” বলেন চঞ্চল।

তাহলে নির্মাতাদের ঠেকাচ্ছেন কীভাবে?

চঞ্চলের জবাব, “মুখের উপর না বলি না। কোনও গল্পের একটা অংশ ভাল লাগে, আবার ডেটের সমস্যার জন্যও অনেক কাজ করা হয় না।”

আনন্দবাজার জানিয়েছে, নতুন কাজ হাতে নেওয়ার আগে চঞ্চল গল্প এবং পরিচালককে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি চরিত্র নিয়ে তো ভাবনা আছেই।

তিনি বলেন, “আমি নিত্যনতুন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেখানে আমার লুকগুলোও যেন নতুন হয় সেটাও আশা রাখি। একই ধরনের চরিত্রে বার বার অভিনয় করতে আমি রাজি নই।

“অভিনয়টা আমার কাছে পরীক্ষা দেওয়ার মতো। নম্বর দেবেন দর্শক।”

আগামী বছর কলকাতায় একাধিক কাজ করতে পারেন চঞ্চল। মুক্তির অপেক্ষায় চঞ্চলের নতুন ছবি ‘মনোগামি’। অভিনেতা জানালেন, আপাতত নতুন কাজ নিয়ে ভাবনাচিন্তা করছেন। পূজার পর শুরু করবেন নতুন ওয়েব সিরিজ়ের শুটিং।

[সংবাদটি প্রথমে প্রকাশিত হয়েছে ফেইসবুকে ৪ অক্টোবর ২০২৩ তারিখে

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02JJSCMnXQ2XAHE8quUdvZben9CdbNMXa6K1pmJEJCzK11yrcbGVovZczJ5ApX48cKl]