২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারজয়ী ব্রিটিশ তারকা গ্লেনডা জ্যাকসন আর নেই

লেবার পার্টির হয়ে এমপিও হন তিনি; আপসহীন রাজনীতিক হিসেবেও পরিচিতি ছিল তার।

অস্কারজয়ী ব্রিটিশ তারকা গ্লেনডা জ্যাকসন আর নেই

গ্লেনডা জ্যাকসন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 10:10 PM

Updated : 16 Jun 2023, 09:18 AM

অস্কারজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন মারা গেছেন।

গত শতকের ষাট ও সত্তর দশকে দুবার অস্কারজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, “আজ সকালে অস্কারজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি সাময়িক অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।”

গ্লেনডা সম্প্রতি ‘দ্য গ্রেট এসকেপার’ সিনেমায় কাজ শেষ করেন, যেখানে তার সহকর্মী ছিলেন আরেক ব্রিটিশ তারকা মাইকেল কেইন।

ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান।

এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্যদিয়ে নিউ ইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।

এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তার চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোম্যানটিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।

এরআগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।

২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।

রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তার দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তার দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা।

১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।

২০১৫ সালের নির্বাচনে তার হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকেই এমপি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

রাজনীতিতে তিনি উচ্চ পদে ভূমিকা রাখতে না পারলেও আপসহীন অবস্থানের জন্য পরিচিত ছিলেন গ্লেনডা জ্যাকসন।

যুক্তরাজ্য ইরাক যুদ্ধে অংশ নেওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে তার বিরোধ হয় এবং যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ খ্যাত মার্গারেট থ্যাচারের কড়া সমালোচক হিসেবেও পরিচিতি ছিল তার।