২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে জয়া প্রদার জেল-জরিমানা

বেশ কয়েক বছর আগে জয়া প্রদা ও তার ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিল শ্রম সরকারী বীমা কর্পোরেশন।

যে কারণে জয়া প্রদার জেল-জরিমানা

জয়া প্রদা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 10:02 PM

Updated : 11 Aug 2023, 10:02 PM

বলিউডে কিংবদন্তি অভিনেত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়া প্রদার ছয় মাসের জেল ও জরিমানা হল।

পিংকভিলা জানিয়েছে, কর্মীদের ইএসআই (এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স) না দেওয়ার অভিযোগে বেশ কয়েক বছর আগে দায়ের করা একটি মামলার রায় দিয়েছে চেন্নাই আদালত।

রায়ে অভিনেত্রীকে ৫০০০ রুপি জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এক সময় জয়া প্রদা ও তার ব্যবসায়িক অংশীদাররা চেন্নাইয়ের একটি সিনেমা হলের মালিক ছিলেন। কিন্তু লোকসানের কারণে কয়েক বছর আগেই হলটি বন্ধ করে দেন তারা।

থিয়েটারের স্টাফরা তাদের বেতন থেকে কেটে নেওয়া ইএসআই পরিশোধ না করায় জয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। জয়ার সঙ্গে মামলায় আসামি করা হয়েছিল রাম কুমার এবং রাজা বাবু নামের আরো দুইজনকে।

জয়া প্রদা মামলার দায় স্বীকার করে নিয়েছেন এবং থিয়েটার কর্মীদের সমস্ত বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

অভিনেত্রী মামলাটি খারিজ করার জন্যও আদালতের কাছে আবেদন করেন। তবে, আদালত তার আপিল প্রত্যাখ্যান করে তাকে জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

সত্তরের দশকে বলিউডে পথচলা শুরু করে আশির দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছান জয়া। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, মরাঠি থেকে বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তিনি। 

১৯৭৪ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘ভূমি কোসম’ এর মধ্যদিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জয়া। এরপরই দক্ষিণী ইন্ডাস্ট্রির নজরে পড়েন তিনি।

‘আঁথুলেনি কথা’, ‘সিরি সিরি মুভভা’ এবং ‘সীতা কল্যাণম’ সিনেমায় কাজ করে কয়েক বছরের মধ্যে স্পটলাইটে চলে আসেন অভিনেত্রী।

‘সিরি সিরি মুভভা’ হিন্দিতে পুনঃনির্মিত হওয়ার মধ্যদিয়ে জয়া প্রদার বলিউডে অভিষেক হয়েছিল। সিনেমার নাম ‘সরগম’। এরপর থেকে তিনি ‘সংযোগ’ এবং ‘তোহফা’ সহ অনেক হিন্দি সিনেমায় কাজ করেছেন।

ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ই রুপালি পর্দা ছেড়ে রাজনীতিতে যোগ দেন জয়া। ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। পরবর্তীতে সমাজবাদী পার্টির হয়ে দু' বার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন অভিনেত্রী।