২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জওয়ানের’ সঞ্জীতার বাংলাদেশযোগ

সঞ্জীতার বেড়ে ওঠা দিল্লিতে। তবে তার বাবা কলকাতার এবং মায়ের পৈতৃক বাড়ি ময়মনসিংহে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:28 PM

Updated : 23 Aug 2023, 08:28 PM

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দিয়ে যে বাঙালি মেয়েটির বড় পর্দায় অভিষেক হতে চলেছে, সেই সঞ্জীতা ভট্টাচার্য জানালেন, বাংলাদেশের সঙ্গে তার নিবিঢ় যোগসূত্রতার কথা।

আনন্দবাজারকে সঞ্জীতা বলেছেন, তার বেড়ে ওঠা দিল্লিতে। তবে তার বাবা কলকাতার এবং মায়ের পৈতৃক বাড়ি ময়মনসিংহে। সে কারণে নিজেকে প্রবাসী বাঙালি বলে সম্বোধন করেন তিনি।

সঞ্জীতার ভাষ্য, বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই তার বাড়িতে বেশি।

অভিনয়ে আসার আগে থেকে সঞ্জীতা একজন কণ্ঠ শিল্পী। ‘বার্কলি কলেজ অব মিউজ়িক’ এ গান নিয়ে পড়েছেন। কাজ করেছেন ওটিটিতে। সঞ্জীতার ‘ফিলস লাইক ইশক’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে গড়গড়িয়ে বাংলায় কথা বলা সঞ্জীতা জানিয়েছেন,  শাহরুখের সিনেমা দিয়ে বড় পর্দার প্রথম কাজ পাওয়াটা এক কথায় স্বপ্নের মত।

আরও বলেছেন, সিনেমায় আসার আগে কোভিড মহামারীর মধ্যে নিজের লেখা গানে নিজের সুর বসিয়ে গিটার বাজিয়ে গাইতেন তিনি। আর সেই গান পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। সেই সব ভিডিও দেখে ‘জওয়ান’ টিম তাকে ফোন করে। এরপরে অডিশন নিয়ে অভিনয়ের সুযোগ আসে সঞ্জীতার।

আগামী  ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। শাহরুখ ও নিজের প্রথম সিনেমা নিয়ে সঞ্জীতা বলেন,  “আমি এখনও পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। প্রায় দু’বছর ধরে আমরা কাজ করছি ‘জওয়ান’এ। আর কিছু দিন পরেই ছবিটা মুক্তিও পাবে। এ বার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা।“

শুটিংয়ের দীর্ঘ সময় লাগার কারণ নিয়ে সঞ্জীতা বলেন, “ মাহামারীর মধ্যে কাজ শুরু হয়েছিল তো, তাই সময় বেশি লাগল। তবে টানা কাজ হয়নি। যত দূর আমার মনে পড়ছে, ২০২১ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু হয়েছিল। তখন থেকে শুরু হয়ে এই বছর পর্যন্ত।“

সঞ্জীতা কখন জানতে পারলেন এটি শাহরুখের সিনেমা?

উত্তর হল, “২০২১ সালে অগাস্টে মহামারীর সময়েই। গায়ে কাঁটা দেয় ভাবলে যে আমাকে এমন একটা টিম থেকে ফোন করা হল, যার নেতৃত্বে আছেন শাহরুখ।“

‘জওয়ান’ সিনেমায় ‘জ়িন্দা বান্দা’ গানে শাহরুখের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে সঞ্জীতা বলেন, “ আমার মনে আছে প্রায় ৩ দিন ধরে ওই গানের শুটিং হয়েছিল। আর ওই গানে তো আমাদের সঙ্গে হাজার জন নৃত্যশিল্পী ছিলেন। একসঙ্গে একটা গানে নাচ করার অভিজ্ঞতা ভাষায় বোঝানো যাবে না।

“শাহরুখ স্যর যখন সেটে আসতেন, এমনকি, প্রিয়া মণিও যখন সেটে আসতেন... সবাই যা চিৎকার করত! তাতেই আমাদের নাচ করার উৎসাহ আরও বেড়ে যেত। চেন্নাইয়ের ওই গরমেও আমরা ওই গানের শুট যে কী উপভোগ করেছি!”

শাহরুখকে সেটে ‘বাড়তি এনার্জি’ বলে মনে করেন এই অভিনেত্রী।

“আমি ভীষণই লাকি! শাহরুখ স্যর তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম।“

সিনেমার নায়িকা দক্ষিণী অভিনেত্রী নয়নতারার প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীতা।

“নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তার কাছ থেকে বিনম্রতা শিখতে হয়। প্রতি দিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতি দিন নিজের কাজের জন্য কোনও রকম অভিযোগ না করে পরিশ্রম করা... এই শিক্ষাগুলোই ‘জওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওনা। “

দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার কোনো কোনও দৃশ্য নেই বলেও আফসোস আছে সঞ্জীতার।

‘জওয়ান’কে নারীকেন্দ্রীক সিনেমা হিসেবে বর্ণনা করা নয়নতারা বলেন, “এত দিনে দেশে এমন সিনেমা তৈরি হচ্ছে যেখানে মহিলাদের দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলা হচ্ছে। নারী কলাকুশলীরা কাজ করছেন। এই সিনেমার মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা, সেটা আজকের যুগে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব খুশি যে, এটা একটা প্যান-ইন্ডিয়া ফিল্ম হিসাবে মুক্তি পাচ্ছে। সত্যিই এই সিনেমাটা সব বয়সের দর্শকের জন্য তৈরি।“