Published : 29 May 2023, 05:37 PM
আবুধাবিতে ‘আইফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘বিপত্তির’ যেন শেষ নেই বলিউড অভিনেতা ভিকি কৌশলের। ‘সালমান কাণ্ডের’ পর সেখানে এক অনুষ্ঠানে নাচতে গিয়ে অভিনেত্রী রাখি সাওয়ান্তের পোশাকে পা পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার।
ভিকি কৌশলের হোঁচট খাওয়ার ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী সারা আলি খান ও রাখি সাওয়ান্তের সঙ্গে মঞ্চে ছিলেন ভিকি কৌশল। রাখি অন্য একটা গান গেয়ে নাচতে শুরু করলে, ভিকি প্রস্তাব রাখেন তার স্ত্রী ক্যাটরিনা কাইফের সাড়া তোলা ‘শিলা কি জাওয়ানি’ গানের সঙ্গে নাচার জন্য।
এরপর ওই গানের সঙ্গে কিছুক্ষণ তুমুল নেচে একপাক ঘুরতেই রাখির পোশাকের সঙ্গে পা বেঁধে পড়ার উপক্রম হয় ভিকির।
কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেনি। নিজেকে সামলে নিয়ে বিব্রত হাসি হাসতে থাকেন ভিকি।
এই কাণ্ড দেখে সারাও প্রথমে ‘হতবুদ্ধি’ হয়ে তাকিয়ে থাকলেও পরে মুখে হাত চাপা দিয়ে হাসতে শুরু করেন। রাখি সেসময় একটু দূরে সরে নিজের গাউন সামলানোতে ব্যস্ত ছিলেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এক ভক্ত লিখেছেন, “আমি এটি একবার দেখেই হাসতে শুরু করেছি।”
আরেক ভক্ত বলেছেন, 'রাখি হলেন মিম কুইন'।
এই আবুধাবিতেই স্ত্রীর সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে হাত মেলাতে গিয়ে রীতিমতো অপদস্থ হতে হয় ভিকি কৌশলকে।
ওইদিন লাল গালিচার একপাশে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন কৌশল। সে সময় উল্টোদিক থেকে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে আসতে থাকেন সালমান খান। তখন কিছুটা ধাক্কা দিয়ে কৌশলকে রাস্তা থেকে সরিয়ে দেয় ভাইজানের দেহরক্ষীরা।
পুরানো খবর:
সারা-ভিকির ‘তালাক’ ঠেকাতে কত কি!এরপরেও কৌশল হাত মেলাতে এগিয়ে যান সালমানের দিকে। কিন্তু হাত মেলান তো দূরের কথা, ভিকির দিকে দীর্ঘ শীতল দৃষ্টি হেনে এগিয়ে যেতে থাকেন সালমান। বাড়ানো হাত পিছিয়ে নিয়ে বিব্রত ভাব নিয়ে দাঁড়িয়ে পড়েন ভিকি।
ওই ঘটনার পরদিন অবশ্য ঘটে অন্য ঘটনা।
দ্বিতীয় দিনে নিরাপত্তারক্ষীদের নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সালমান খান। সেদিন লাল গালিচায় থাকা কৌশলকে দেখে নিজে থেকে সালমানকে এগিয়ে যেতে দেখা যায়। কাছে গিয়ে সালমান জড়িয়ে ধরেন ক্যাটরিনার স্বামীকে। ভিকির সঙ্গে করমর্দন করেন সলমনের দেহরক্ষী শেরাও।
তবে এসব খুব একটা মাথাব্যথা নেই ভিকির। তিনি বলেন, “অনেক সময় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এসবের কোনো দরকার নেই। অবান্তর।”
ভিকিকে আগামীতে সারার সঙ্গে ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমায় দেখা যাবে। নির্মাতা জুটি শচীন-জিগর পরিচালিত ‘বিয়ে-সংসার-তালাক’ এবং ফের বিয়ের গল্প বলা এই সিনেমা মুক্তি পাবে ২ জুন। ওই সিনেমার প্রচারেই সারা ও ভিকি আবুধাবিতে একসঙ্গে অনুষ্ঠান করছিলেন।