১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

অমিতাভের চেয়ে পারিশ্রমিক ১ রুপি হলেও বেশি চান নানা

“দর্শকরা তার সিনেমা বার বার দেখতে যেতেন। তার মুখে সংলাপ শুনে পাগল হয়ে যেতেন দর্শক। এটাই ছিল নানার শক্তি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 12:28 PM

Updated : 17 Oct 2026, 12:40 PM

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে যেয়ে একটি শর্ত দিয়েছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর।

তা হল, অমিতাভের চেয়েও ১ টাকা হলেও বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন নানা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনেতা কমলেশ সাওন্ত বলেন, “নানা পাটেকর ও অমিতাভ বচ্চন একটি সিনেমায় একবার একসঙ্গে কাজ করেন। সেখানে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ঠিক হয় ১ কোটি রুপি। আর নানা পাটেকর তার থেকে ১ রুপি বেশি দাবি করেন।”

কমলেশ সাওন্তের কথায়, একটা সময় পর্যন্ত হিন্দি সিনেমার জগৎ মূলত গান ও নাচকে কেন্দ্র করেই আবর্তিত হত। পরে সংলাপের গুরুত্ব বাড়তে শুরু করে।

“আর সেই পরিবর্তনের অন্যতম পথিকৃৎ ছিলেন নানা। দর্শকরা তার সিনেমা বার বার দেখতে যেতেন। তার মুখে সংলাপ শুনে পাগল হয়ে যেতেন দর্শক। এটাই ছিল নানার শক্তি।”

নানা পাটেকরের সংলাপের সময় দর্শক নীরব হয়ে যেতেন বলেও জানিয়েছেন কমলেশ।

তিনি বলেন, এমন ক্ষমতা ছিল মাত্র দুজন অভিনেতার, তারা হলেন অমিতাভ বচ্চন ও নানা পটেকরের।

কমলেশ বলেন, “সাধারণত সিঙ্গল-স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শক চুপ করে থাকবেন, এমন আশা করা যায় না। কিন্তু মাত্র দুজন অভিনেতা দর্শককে চুপ করিয়ে দিতে পারতেন— এক জন বচ্চনসাহেব, অন্য জন নানা পটেকর। কোন সময়ে চুপ করে থাকলে সংলাপ শোনা যাবে, সেটাও দর্শকরা জানতেন। কোন সংলাপের পরে কী আসবে, তা তাদের মুখস্থ ছিল। তাই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতেন।”

নানার আকস্মিক প্রয়াণের খবর মেনে নেওয়া কঠিন ছিল বলেও জানিয়েছেন কমলেশ। তার কথায়, “তার কোনও অসুস্থতা ছিল না, কিন্তু হঠাৎ চলে গেলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

গত ৮ অক্টোবর প্রয়াত হয়েছেন নানা পটেকর। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গোয়ার রাজধানী পানাজির কাছে ডোনা পাওলায় নিজের অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়ার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। , ৪৫ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পরও নানা পাটেকরকে বাঁচানো সম্ভব হয়নি।