২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ঘুড়ি’র যুগপূর্তিতে তিন বন্ধুর নতুন গান

সোমেশ্বর অলির লেখা নতুন গানের শিরোনাম ‘মিছিল আমাকে এখনও টানে'।

‘ঘুড়ি’র যুগপূর্তিতে তিন বন্ধুর নতুন গান
জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও লুৎফর হাসান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

শিল্পী লুৎফর হাসানের গাওয়া এবং গীতিকার সোমেশ্বর অলির লেখা ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানটিতে উঠে এসেছিল বন্ধুত্বের টানাপড়েনের গল্প। এক যুগ পরে ফের একত্রিত হয়ে দুই বন্ধু আনছেন নতুন একটি গান। সেই কাজে যুক্ত হয়েছেন তাদের আরও এক বন্ধু।

অলির লেখা নতুন গানের শিরোনাম ‘মিছিল আমাকে এখনও টানে'। তাতে কণ্ঠে দিয়েছেন লুৎফর হাসান। আর গানের ভেতরে আবৃত্তির অংশে কণ্ঠ দিয়েছেন জাহিদ আকবর। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান বলেছেন, ‘ঘুড়ি’র সংগীত পরিচালক কিশোর দাস নতুন এই গানের পরিচালনার দিকটি দেখছেন। অলির সঙ্গে যৌথভাবে গানটির সুর করেছেন নাহিদ হাসান। সম্প্রতি গানের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানের ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।   

এই গানে তিন বন্ধুর যুক্ত হওয়া নিয়ে সোমেশ্বর অলি বলেন, "এটি হয়তো সময়েরই দাবি ছিল। অদৃশ্য চিত্রনাট্য মেনেই আমরা নিজেদের চরিত্রে অভিনয় করছি। আমার মতে, জাহিদ আকবর ও লুৎফর হাসানের বন্ধুত্বের নতুন সেতুবন্ধনে এই গান। সেই জায়গা থেকে গানটির আবৃত্তির অংশে জাহিদ আকবরকে যুক্ত করা।" 

জি সিরিজ থেকে প্রকাশ পাবে গানচিত্রটি।