২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাভ স্টোরি’ খ্যাত অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন

লিউকেমিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন এ অভিনেতা।

‘লাভ স্টোরি’ খ্যাত অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন

অভিনেতা রায়ান ও’নিল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 07:57 PM

Updated : 09 Dec 2023, 07:57 PM

চলে গেলেন ‘লাভ স্টোরি’ খ্যাত অভিনেতা রায়ান ও’নিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

অস্কার মনোনীত এ কিংবদন্তি শুক্রবার লস অ্যাঞ্জেলসে মারা গেছেন বলে খবর দিয়েছে সিএনএন।

ও'নিলের ছেলে প্যাট্রিক ও’নিল শুক্রবার তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আমার বাবা আজ শান্তিপূর্ণভাবে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মানুষ হিসেবে আমার বাবা উদার ছিলেন। তিনি মানুষকে হাসাতে ভালোবাসতেন। আজ এ হলিউড কিংবদন্তি জীবনের ইতি টানলেন।

“আমার বাবা রায়ান ও'নিল সবসময়ই আমার নায়ক। তিনি সবসময় জীবনের চেয়ে বড় ছিলেন।”

রায়ান ও’নিল ২০০১ সাল থেকে লিউকেমিয়া ও ২০১২ সাল থেকে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন বলে খবর দিয়েছে বিবিসি।

১৯৭০ সালে মুক্তি পাওয়া তার রোমান্টিক চলচ্চিত্র ‘লাভ স্টোরি’তে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন ও’নিল; পেয়েছিলেন সেরা অভিনেতার অস্কার মনোনয়নও।

এছাড়া সত্তরের দশকে ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ডক?’, ‘ব্যারি লিন্ডন’ এর মতো একাধিক সিনেমায় অভিনয় খ্যাতি শিখরে পৌঁছে দিয়েছিল এই অভিনেতাকে।