০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সোহেল রানার চোখে ভুল চিকিৎসার অভিযোগ ছেলের

গত মাসের শেষে ঢাকায় চোখের ছানি অপারেশন হয়েছিল সোহেল রানার।

সোহেল রানার চোখে ভুল চিকিৎসার অভিযোগ ছেলের

চিত্রনায়ক সোহেল রানা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 06:13 PM

Updated : 08 Nov 2022, 06:13 PM

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার চোখে ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়ার কথা ভাবছেন বলেও তিনি জানিয়েছেন।  

গত মাসের শেষে ওই হাসপাতালে চোখের ছানি অপারেশন হয়েছিল সোহেল রানার। তারপর জটিলতা দেখা দিলে ফের অস্ত্রোপচারের জন্য তাকে গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর সোমবার রাতে সিঙ্গাপুর থেকে ফেইসবুকে এক ভিডিও বার্তায় এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন মাশরুর।

তিনি বলেন, “ঢাকার এভারকেয়ার হাসপাতালে বাবার চোখে ছানির সমস্যার জন্য চিকিৎসা করানো হয়েছিল। তারা ভুল চিকিৎসা করেছেন।”

পুরানো খবর:

সিঙ্গাপুরে অস্ত্রোপচার হবে সোহেল রানার চোখে

এভারকেয়ার তাদের কী বলেছিল প্রশ্ন করলে মাশরুর গ্লিটজকে বলেন, “তারা অপারেশন করতে বলে। আমরা চেয়েছিলাম, সিঙ্গাপুরে অপারেশনটা করতে। কিন্তু তাদের চাপাচাপিতে অপারেশনটা করতে হয়েছে।

“অপারেশনের পর অবস্থার অবনতি হয়। পরে আমরা সিঙ্গাপুরে নিয়ে এসেছি। এখানে ডাক্তার দেখে বলেছেন, অপারেশন জরুরি ছিল না।”

সোমবার দুপুরের দিকে সিঙ্গাপুরে সোহেল রানা কয়েক মিনিটের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন জানিয়ে মাশরুর বলেন, “এখন বাবা একটু সুস্থ আছেন। আগে বাবা সুস্থ হোক। তারপর দেশে ফিরে আইনজীবীর সাথে কথা বলে হাসপাতালের বিরুদ্ধে আমি লড়ব।“

মাশরুর জানান, প্রতি বছর একবার সিঙ্গাপুরে তার বাবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগামী মার্চে তাদের সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছেন সিঙ্গাপুরেই চোখের অপরারেশন হলে ভালো হত।

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এভারকেয়ার হাসপাতালের জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা বরেন, সোহেল রানার চোখের অস্ত্রোপচার নিয়ে কোনো অভিযোগের তথ্য তাদের কাছে নেই। বিষয়টি তারা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।