জনের পরবর্তী সিনেমা ‘বানানা’
জন আব্রাহামের প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী সিনেমা ‘বানানা’।
বলিউডি অভিনেতা এবং প্রযোজক জন আব্রাহাম তার প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী সিনেমার নাম ‘বানানা’ বলে জানিয়েছেন। জনের মতে সিনেমাটিতে মানবজীবনের একটি অংশ তুলে ধরা হবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জন এ সম্পর্কে সংবাদিকদের বলেন, “একজন মানুষের বয়ঃসন্ধির সময়টি তুলে ধরা হবে ‘বানানা’ সিনেমাতে। একটি ছোটছেলের জীবন এবং জীবনকে সে কীভাবে দেখছে তা নিয়েই এ সিনেমা। এ সিনেমাকে বলা যায় জীবনের একটি টুকরো অংশ।”
৪০ বছর বয়সী ওই অভিনেতা আরও বলেন, “তরুণ থেকে বৃদ্ধ সকলেই সিনেমাটি আগ্রহ নিয়ে দেখবেন। কারণ সিনেমাটি দেখার সময় তারা নিজেদের স্মৃতিগুলো মনে করবেন। আর এটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিনেমা।”
সিনেমাটির জন্য নতুন মুখ বেছে নিয়েছেন জন। এটি পরিচালনা করবেন সাজিদ আলি। সিনেমাটির শুটিং অক্টোবর নাগাদ শুরু হবে। জনের প্রযোজনা প্রতিষ্ঠানের আরও দুটি সিনেমার কাজ শিগগির শুরু হচ্ছে। সেগুলো হল ‘হামারা বাজাজ’ এবং ‘মাদ্রাস ক্যাফে’।
