জায়েদ খানের ‘লিডারশিপ অ্যাওয়ার্ডের’ রহস্য কী?
পদক পাওয়ার পর তিনি নিজের ফেইসবুকের প্রোফাইল ছবিও পরিবর্তন করেন, যেখানে দেখা যায়- জাতিসংঘ সদর দপ্তরের লগোর সামনে পদক হাতে দাঁড়িয়ে আছেন জায়েদ খান। এতেই রহস্য বাড়তে থাকে।
চিত্রনায়ক জায়েদ খানের মানেই যেন বিতর্ক! সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার একটি পদক পাওয়ার ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা আর বিতর্ক। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কেউ ট্রোল করছেন, কেউবা এই পদকের সত্যি-মিথ্যা খোঁজার চেষ্টা করছেন।
জায়েদ খান যে পুরস্কার পেয়েছেন তার নাম ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’। গত ২০ জুলাই নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তাকে এই পদক দেয় ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ এবং দ্য হিউম্যানিটেরিয়ান ফোকাস ফাউন্ডেশন।
মূলত সম্প্রীতি, শান্তি এবং নিজ নিজ স্থানে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেন, এমন ব্যক্তিদের এই সম্মাননা জানানো হয়। এবার জায়েদ খানসহ ৪০ জন ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
পরে পদক এবং সনদ নেওয়ার ছবি ফেইসবুকে শেয়ার করে জায়েদ খান লিখেছেন, “এটা আমার জন্য এবং বাংলাদেশের জন্য সম্মানের। আরেকটি সুখবর আমার জন্য অপেক্ষা করছে, আমাকে আপনার প্রার্থনায় রাখুন।”
পরে তিনি নিজের ফেইসবুকের প্রোফাইল ছবিও পরিবর্তন করেন, যেখানে দেখা যায়- জাতিসংঘ সদর দপ্তরের লগোর সামনে পদক হাতে দাঁড়িয়ে আছেন জায়েদ খান। এতেই রহস্য বাড়তে থাকে।
অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখতে থাকেন, জায়েদ খানকে জাতিসংঘ থেকে পদক দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টি বিশ্বাসই করেননি, সে কথাও লিখে জানান ফেইসবুক পোস্টে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ফেইসবুক গ্রুপেও এ নিয়ে শুরু হয় আলোচনা।
পরে জায়েদ খান নিউ ইয়র্কে জাতিসংঘের লোকেশন ট্যাগ করে আরেকটি পোস্টে লেখেন, “আমার এ অর্জন বাংলাদেশকে উৎসর্গ করলাম। আমি গর্বিত একজন বাঙালী হিসেবে। ছবিসহ বিস্তারিত পরে জানাব।”
সেখানেও পদকটি কারা দিয়েছেন তার বিস্তারিত কিছুই লিখেননি এই আলোচিত-সমালোচিত চিত্রনায়ক।
এদিকে বাংলাদেশের একটি দৈনিকের অনলাইন সংস্করণে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে জায়েদ খানের সম্মাননা গ্রহণের খবরটি জানানো হয়।
জায়েদ খান তার ফেইসবুকে সেই খবরের লিংক শেয়ার করে লেখেন, “নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে ঢাকাই চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি এই অভিনেতাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।”
পদক গ্রহণের বিষয়টির সত্যতা জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে দু’দিন ধরে জায়েদ খানের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। অনেকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, বরং কয়েকবার ফোন কেটে দিয়েছেন।
জাতিসংঘের অফিশিসিয়াল ওয়েবসাইট ঘেঁটেও দেখা যায়, সেখানে জায়েদ খানের পদকপ্রাপ্তির কোনো তথ্য নেই। তবে দ্য ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোমেসি রিসার্চ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা যায় জায়েদ খানের সম্মাননা প্রাপ্তির তথ্য রয়েছে। সেখানে জায়েদ খান সম্পর্কে বলা হয়েছে-
“মোহাম্মদ জাহিরুল হক (জায়েদ খানের প্রকৃত নাম) বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে স্বীকৃত। তাঁর স্টেজ নাম জায়েদ খান। তিনি বাংলাদেশের বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী; তিনি সিনেমা অভিনেতা, প্রযোজক ও পারফরমার। তার ক্যারিয়ার ২৫ বছরের। বাংলাদেশি চলচ্চিত্রে তাকে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব হিসেবে স্থান দেওয়া হয়েছে। খানের চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছে ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমা দিয়ে। প্রতিশ্রুতিশীল এই অভিনেতা পরবর্তী সময়ে ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন ‘নগর মাস্তান’, ‘দাবাং’–এর মতো জনপ্রিয় সিনেমা দিয়ে। ‘নগর মাস্তান’ সিনেমায় তাঁর সহ–অভিনেত্রী ছিলেন পরীমনি। চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী তার মধ্যে প্রতিভার খোঁজ পান। এই অভিনেতাকে ২০১৭ সালে ‘অন্তর্জ্বালা’ সিনেমায় কাস্ট করেন। অভিনেতার বাইরে ইন্ডাস্ট্রিতে একজন চাওয়া-পাওয়া অভিনেতা হিসেবে তাঁর খ্যাতি আছে। কারণ, পর্দার বাইরে তিনি মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জায়েদ খানের কর্মজীবন, বহুমুখী প্রতিভা, নিরলসভাবে কাজ করা প্রমাণ করে বাংলাদেশি চলচ্চিত্রশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। সিনেমার প্রতি তাঁর আবেগ ভালোবাসা এবং দায়বদ্ধতা তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করে। একই সঙ্গে বিশ্বব্যাপী দর্শকদের মোহিত করে।"
এর আগেও বিভিন্ন সময় সাংবাদিকদের জায়েদ খান বলেছেন, নেতিবাচক প্রচারণা তিনি উপভোগ করেন।
অনেকের মনে এখন প্রশ্ন, এবারও কি আলোচিত এই চিত্রনায়ক সচেতনভাবেই রহস্যের জট খুলতে চাইছেন না?
জায়েদ খান যতদিন না মুখ খুলছেন, ততদিন এই রহস্যের জটও খুলছে না।
