২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের আগেই সাধ নিয়ে ‘শান্তিতে’ মাহি

কিছুদিন আগে ‘লাইভ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পর সোশাল মিডিয়ায় মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার ছবি দিয়ে এই হবু মা জানালেন তার ‘সাধ’ অনুষ্ঠানের কথা। সন্তানধারণের মোটামুটি সাত মাসের মাথায় হবু মায়ের মর্জিমত ভালোমন্দ খাবারের এই বিশেষ আয়োজনকে বাঙালি রীতিতে বলে ‘সাধ’, আর পশ্চিমা ধারায় ‘বেবি শাওয়ার’। মাহি জানিয়েছেন, সময় হওয়ার আগেই তার সাধের অনুষ্ঠান হয়েছে, আর সেই আয়োজন ঘিরে সবার খুশি দেখে তিনি ‘শান্তি’ পেয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 04:11 PM

Updated : 23 Oct 2022, 04:11 PM

Image

রোববার রাতে ফেইসবুকে প্রকাশ করা ছবিতে দেখা গেছে সোনালী পাড়ের মেরুন শাড়ি পরা এই নায়িকার সামনে পায়েস, নানা রকমের মিষ্টি, পিঠা আর ফলের প্লেট সাজানো। গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে গত বছরই বিয়ে হয় মাহির।

Image

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মাহীর মুখে তুলে পিঠা খাইয়ে দেওয়া হচ্ছে। ছবির সঙ্গে হৃদয়, হাসি ও ডানা মেলা প্রজাপতির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।

Image

‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’, ‘লাইভ’ সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। সম্প্রতি মুক্তি পেয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে ‘যাও পাখি বল তারে’।

পুরনো খবর:

সংলাপে ছুঁয়ে যাবে ‘যাও পাখি বলো তারে’: মাহি
মা হচ্ছেন, খবর দিলেন মাহিয়া মাহি